জামায়াত প্রার্থীর অভিযোগ

পুরান ঢাকায় তালা বিক্রি বেড়েছে, দখল-ভয়ের রাজনীতি ফিরে আসছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর গেন্ডারিয়ায় এক অনুষ্ঠানে ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান

ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান বলেছেন, পুরান ঢাকায় তালা বিক্রি বেড়ে যাওয়াই প্রমাণ করে একটি রাজনৈতিক দলের দখল ও ভয়ভিত্তিক রাজনীতি আবার ফিরে আসছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ায় সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে আয়োজিত ‘জেন–জিদের মুখোমুখি ড. আব্দুল মান্নান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মান্নান বলেন, পুরান ঢাকায় হঠাৎ তালা বিক্রি বেড়ে গেছে, কারণ একটি দলের নেতাকর্মীরা মানুষের দোকান ও বাড়িঘর দখল করা শুরু করেছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা যদি সংসদে যায়, তাহলে সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা থাকবে না। যারা ক্ষমতায় যাওয়ার আগেই নারীদের ওপর হামলা চালায়, হিজাব খুলে নেয়, তাদের হাতে দেশ ও জাতি কখনোই নিরাপদ থাকতে পারে না।

তিনি বলেন, ঢাকা-৬ আসনকে যারা নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে জনগণকে প্রজা বানিয়ে রেখেছে, তাদের বয়কট করতেই হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জনগণের মালিকানা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, ‘যেই নেতার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করেছে, সেই নেতাই আজ জামায়াতে ইসলামীকে গুপ্ত সংগঠন বলে অপপ্রচার চালাচ্ছে।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের দেড় বছর পরও যিনি নিজের সিদ্ধান্তে দেশে ফিরতে পারেননি এবং নিজেই স্বীকার করেছেন যে তার দেশে আসা একক সিদ্ধান্ত ছিল না, তিনিই এখন জামায়াতের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। সংকট দেখলেই যারা বিদেশে পালিয়ে যায়, তাদের মুখে জামায়াতে ইসলামীকে গুপ্ত বলা মানায় না। জনগণ জানে কারা বিপদে পালায় আর কারা বিপদে জাতির নেতৃত্ব দেয়।’

জাহিদুল ইসলাম আরও বলেন, ‘জেন–জি শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্ন বাস্তবায়নও করে। জুলাই আন্দোলনের প্রতিটি দিন ছিল জীবন-মরণ লড়াইয়ের দিন। দিনে ছিল শাহাদাতের তামান্না, রাতে ছিল গুম হওয়ার আশঙ্কা। প্রশাসনের লোকজন বাসাবাড়িতে গিয়ে ছাত্রদের খুঁজতো, কাউকে পেলে গুম করে আয়নাঘরে নিয়ে নির্যাতন চালানো হতো।’

তার দাবি, ৩৬ দিনের এই জীবন-মরণ সংগ্রামের মধ্য দিয়েই জেন–জিদের নেতৃত্বে জুলাই বিপ্লব অর্জিত হয়েছে। অথচ একটি দল এখনো খুনি হাসিনার ফ্যাসিবাদী কাঠামো টিকিয়ে রাখতে চায় এবং গণভোটের বিরোধিতা করছে। তিনি হুঁশিয়ার করে বলেন, জেন–জি প্রতিটি কথা ও কাজ পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেয়।

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে তরুণদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

এছাড়া জকসু এজিএস মাসুদ রানা, ছাত্রসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা-৬ সংসদীয় এলাকার সাংগঠনিক থানা আমির-সেক্রেটারিসহ স্থানীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ড. আব্দুল মান্নান তরুণদের সঙ্গে নিয়ে তারুণ্যের মিছিলে অংশ নেন।

এমডিএএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।