ঢাকা-৫: জয়ী জামায়াতের কামাল হোসেন, অন্য প্রার্থীরা কে কত ভোট পেলেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-৫ আসনে জয়ী দাঁড়িপাল্লার কামাল হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ৯ হাজার ১৫০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরীফ উদ্দিন আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত বেসরকারি ফলাফল সিট থেকে এ তথ্য জানা গেছে।

যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী (একাংশ) থানা নিয়ে গঠিত এই আসনে মোট ১৫১টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা) প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মো. নবী উল্লাহ (ধানের শীষ) পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট। অর্থাৎ ৯ হাজার ১৫০ ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচনে বড় দুই দল ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. ইবরাহীম (হাতপাখা) পেয়েছেন ১৪ হাজার ২০৬ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মীর আব্দুস সবুর (লাঙ্গল) পেয়েছেন এক হাজার ৩৪৬ ভোট, লিবারেল ডেমোক্রাটিক পার্টির (এলডিপি) প্রার্থী মো. হুমায়ুন কবির (ছাতা) পেয়েছেন ৭৮৮ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সাইফুল আলম (ডাব) পেয়েছেন ২৬২ ভোট।

এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী শাহিনুর আক্তার সুমি (কাঁচি) পেয়েছেন ২২১ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন মোস্তফা (কাস্তে) পেয়েছেন ২০৬ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (ট্রাক) পেয়েছেন ৯৩ ভোট। বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. গোলাম আজম (আনারস) পেয়েছেন ৮১ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. তাইফুর রহমান রাহী (ছড়ি) পেয়েছেন ৩৫ ভোট। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঢাকা-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এর মধ্যে ২ লাখ ৪ হাজার ৭৫০ জন ভোটার ভোট দিয়েছেন। ভোট গ্রহণের হার ৪৮ দশমিক ৭৫ শতাংশ। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১ হাজার ৩৭০ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ৩৮০টি।

আরএমএম/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।