হরতাল ঢাকা নগরীতেও
চলমান অবরোধের মধ্যেই ঢাকামহানগরীসহ ৯ জেলায় বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার আলাদা দুটি বিবৃতিতে এই কর্মসূচি ডেকেছে বিএনপি জোট।
বিকালে প্রথম বিবৃতিতে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন মহানগরকে বাদ রেখে ঢাকার পাঁচটি উপজেলা এবং এই বিভাগের আটটি জেলায় হরতালের কর্মসূচি ঘোষণা করেন। সন্ধ্যায় আরেকটি বিবৃতিতে তিনি ঢাকা মহানগরীতেও হরতালের ডাক দেন।
ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ও ময়মনসিংহে হরতাল আহ্বান করে দেওয়া বিবৃতিতে সকাল-সন্ধ্যা কর্মসূচির কথা বলা হয়।
তবে পরের বিবৃতিতে মিলন বলেন, ঢাকা মহানগরীতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলমান অবরোধের পাশাপাশি ২৪ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে।
বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডে নেওয়া এবং নেতাকর্মীদের ‘দমন-পীড়নের’ প্রতিবাদে তাদের এই কর্মসূচি।
এমএএস/পিআর