ডিবি অফিসে মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়।
পল্টন থানার ওসি মোরশেদ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পল্টন থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুলকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখ মঙ্গলবার এ রিমান্ডের আদেশ দেন। এর পর ওই দিন মির্জা ফখরুলকে আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।
প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন ২৯ ডিসেম্বর পল্টন থানার এসআই আব্দুল মালিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এআরএস/এমএস