বিএনপিকে দমনে একটু সময় লাগবে : হানিফ
বিএনপিকে দমনে একটু সময় লাগবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরান বাজার ওয়াসা ভবনের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ২০ দলের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, আপনারা জানেন একটি দেশে সন্ত্রাসী থাকে ১ শতাংশ বা তারও কম। কিন্তু বিএনপির ৩০ শতাংশ জনসমর্থন রয়েছে। সারা দেশে লাখ লাখ নেতা-কর্মী রয়েছে। তিনি এসকল নেতা-কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি না করতে আহবান জানান।
খালেদা জিয়ার উদ্দেশ করে তিনি বলেন, আপনার ছেলে কোকোর সন্তানদের পরীক্ষার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছেন। আপনার নাতির ভবিষ্যত নিয়ে আপনি বিচলিত, অথচ দেশের লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না। এতে আপনার লজ্জা হয় না। দেশের মানুষ আপনাকে এখন বিএনপির নয়, সন্ত্রাসের নেত্রী হিসেবে ভাবেন।
আয়োজক সংগঠনের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক নারায়ন দেব নাথ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
এএইচ/আরআই