খালেদা জিয়া জনবিরোধী : মুহিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনবিরোধী নেত্রী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিন প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বুধবার দুপুর ১২টায় এ প্রদর্শনীর উদ্বোধন করার কথা থাকলেও অর্থমন্ত্রীর বিলম্বের কারণে বিকেল আড়াইটায় প্রদর্শনী উদ্বোধন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, গত নির্বাচনে সরকার গঠন করার পর ২০১৪ সাল দেশ বেশ স্থিতিশীল ছিল। কিন্তু ২০১৫ সালে বেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের স্থিতিশীলতা নষ্ট করেছেন। এভাবে দেশের ভবিষ্যৎ এগোতে পারে না। তিনি এখন একজন জনবিরোধী (এন্টি ন্যাশনাল)। এ সময় অর্থমন্ত্রী খালেদা জিয়াকে সহিংসতা পথ ছাড়ার আহবান জানান।
অনুষ্ঠানে বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশের টেক্সটাইল খাতকে এগিয়ে নিতে দক্ষ শ্রমশক্তি, বন্দর, বিদ্যুৎ, পর্যাপ্ত জায়গা এবং রাজনৈতিক স্থিতিশীলতা থাকা প্রয়োজন। যার মধ্যে সবকয়টি সন্তোষজনক পর্যায়ে থাকলেও রাজনৈতিক পরিস্থতি কিছুদিন পরপর অস্থিতিশীল হয়ে উঠে। তাই দেশের উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে, ব্যবসার স্বার্থে আমাদের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে আমাদের পোশাক রপ্তানি হয় ২৫ বিলিয়ন ডলারের বেশি। যার মধ্যে ১৬ বিলিয়ন ডলার ফেব্রিকসের অবদান। আমাদের দেশে ৩০ বিলিয়ন ডলারের ফেব্রিকসের চাহিদা রয়েছে। তাই আমরা যদি ফেব্রিকসয়ে নিজেদের চাহিদা পূরণ করতে পারি তবে ভবিষ্যতে দেশের জিডিপি আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি তপন চৌধুরি বলেন, টেক্সটাইল ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের উৎপাদন খাতগুলোর মধ্যে অন্যতম। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮১ শতাংশ অর্জিত হয় এ খাত থেকে। এ খাতে প্রায় ৫ মিলিয়ন লোক কর্মরত রয়েছে। যার অধিকাংশ নারী শ্রমিক। বর্তমানে বাংলাদেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক পণ্য রপ্তানিকারণ দেশ।
তিনি আরও বলেন, আমরা মনে করি প্রয়োজনীয় অবকাঠামোর উন্নতি এবং গ্যাস ও বিদ্যুৎ চাহিদা পূরণের প্রয়োজনীয় নিশ্চয়তা পেলে আগামী ২০২১ সালের মধ্যে টেক্সটাইল ও ক্লথিং থেকে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন সম্ভব।
এসএ/এএইচ/আরআই