কূটনীতিকদের সঙ্গে রওশনের বৈঠক শনিবার
বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে শনিবার বৈঠক করবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এসময় তিনি বিরোধী দল ও বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির (জাপা) অবস্থান অবস্থান ও তুলে ধরবেন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে শনিবার সন্ধ্যার এ বৈঠক করবেন তিনি।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বৃহস্পতিবার বিকেলে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিরোধীদলের নেতা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। সেখানে আমরা সবাই থাকব।
বিরোধীদলের নেতার পক্ষ থেকে সন্ধ্যার মধ্যে জাতীয় পার্টির সকল সংসদ সদস্যকে হোটেল ওয়েস্টিনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সংসদে সংরক্ষিত আসনসহ জাতীয় পার্টির ৪০ জন সদস্য রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান ও সম্প্রতি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় বিশ্ব মিডিয়ায় ব্যাপক কাভারেজ পান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। সারা বিশ্বের গণমাধ্যমে খালেদা জিয়াকে বিরোধীদলের নেতা হিসেবে উল্লেখ করা হয়। এতে ক্ষুব্ধ হন এরশাদ ও বিরোধীদলের নেতা রওশন এরশাদ।
এএইচ/পিআর