পঞ্চগড়ে খালেদা জিয়ার নামে মামলা


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

গাড়িতে পেট্রোল বোমা হামলাসহ দেশব্যাপী নাশকতা সৃষ্টির অভিযোগে পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবীর রিজভীকে আসামি করে মামলা করেছে এক আওয়ামী নেতা।

বৃহস্পতিবার বিকেলে বোদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম সোহাগ বাদী হয়ে পঞ্চগড় বোদা আমলী আদালত-৩ এ এই মামলা দায়ের করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৫ জানুয়ারি বেগম খালেদা জিয়াসহ অন্য আসামিগণ সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী অবরোধ ও হরতালের ঘোষণা দেন। চলমান সেই অবরোধ ও হরতালে দেশব্যাপী যানবাহনে পেট্রল বোমা হামলা, নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা, অবরোধের নামে সহিংসতা, সড়কের গাছপালা নিধনসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাঙচুর চালানো হয়।

বোদা আমলী আদালত-৩ এর বিজ্ঞ বিচারক শিশির কুমার বসু বাদীর জবানবন্দী গ্রহণ করে বোদা থানা পুলিশের অফিসার ইনচার্জকে (ওসি) তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। ২৫ জন আইনজীবী বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন।

মামলার বাদী সেলিম সোহাগ বলেন, বেগম খালেদা জিয়ার হুকুমে দেশব্যাপী নাশকতা চলছে। এসবের বিচার হওয়া উচিত। এজন্য দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি মামলাটি করেছি।

বাদী পক্ষো আইনজীবী আবু ইউনুস লেলিন বলেন, বেগম খালেদা জিয়ার অবরোধ ঘোষণার পর দেশব্যাপী যানবাহনে পেট্রল বোমা হামলা, নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা, অবরোধের নামে সহিংসতা শুরু হয়। দেশের সাধারণ মানুষ আজ এসব ঘটনার বিচার চায়। মামলাটি বিজ্ঞ আদালত গ্রহণ করে বোদা থানা ওসিকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।