আমাদের ধারণা ভুল ছিল : হানিফ
বিএনপির বিষয় আমাদের ধারনা ভুল ছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘আমরা অতীতে মানুষকে আশ্বস্ত করেছিলাম শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। আমরা মনে করেছিলাম, কোনো রাজনৈতিক দল মানুষকে পেট্রল দিয়ে পুড়িয়ে মারার মতো কর্মসূচি দিতে পারে না। কিন্তু আমাদের সেই ধারণা ভুল হয়েছে। যারা এ ধরনের কর্মসূচি দেয়, তারা সন্ত্রাসী, জঙ্গি। তারা এখন পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করছে। তাদের দলের নেত্রী জঙ্গিদের নেত্রীতে পরিণত হয়েছে। সময় এসেছে বিএনপিকে জঙ্গি দল হিসেবে ঘোষণা করার।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হানিফ বলেন, আপনি যদি আপনার দলকে জঙ্গি দল হিসেবে প্রমাণ করতে চান তা হলে সেই ব্যবস্থা নেয়া সময়ের ব্যাপার। সময় হলেই সেটা দেখা যাবে। এর মাশুল আপনাকেই দিতে হবে।
স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোবাশ্বের হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সহ-সভাপতি মতিউর রহমান মতি, মিজানুর হাসান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মেসবা-উল রহমান সাচ্চু প্রমুখ।
এএইচ/পিআর