জেলাগুলো বিছিন্ন, এটা মারাত্বক : অর্থমন্ত্রী


প্রকাশিত: ১০:০৩ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ ধ্বংসের পায়তারা করছেন বলে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ওনি (বেগম জিয়া) দেশ ধ্বংসের পায়তারা করছেন। ঢাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঢাকার বাইরে খুব খারাপ অবস্থা। তবে আশা করি, আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।

তবে সমাধানে কোন উদ্যোগ তিনি নিবেন না। সংলাপের কোন উদ্যোগও তিনি নিবেন না সরকারের এই প্রভাবশালী মন্ত্রী।

শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ‘বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা এবং সামষ্টিক অর্থনীতির সাম্প্রতিক অবস্থান’ বিষয়ক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
 
মুহিত বলেন, জেলাগুলো বিছিন্ন হয়ে পড়েছে। এটা ক্ষতির। জেলাগুলোকে সংযুক্ত করতে হবে। যারা এটি করছেন তারা দেশের শক্র। এরা ক্ষতি অনুধাবন করছেন না।

অর্থমন্ত্রী আরো বলেন, হরতাল-অবরোধ ঢাকায় হয়তো কিছু বোঝা যায় না, কিন্তু রাজধানীর বাইরের জেলাগুলোতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।

অতিরিক্ত পুলিশ, বিজিবি মোতায়েন করে দেশ সচল রাখতে গিয়ে অতিরিক্ত খরচ হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই অতিরিক্ত বরাদ্দ দিতে হচ্ছে। তবে এখনও কোন অর্থ বরাদ্ধ দেওয়া হয়নি। তবে কী পরিমাণ অতিরিক্ত বরাদ্দ দেওয়া হচ্ছে, তা এখনই বলব না।’

দেশের সাম্প্রতিক পরিস্থিতির উত্তরণ কবে হবে, জিজ্ঞেস করলে অর্থমন্ত্রী বলেন, ‘নো বডি নোউজ। আমিও জানি না। আপনিও জানেন না।

সাংবাদিকদেরদেরই প্রশ্ন ছুড়ে বলেন, ‘আপনারা বলতে পারবেন? গত জানুয়ারিতে আমি আশা করেছিলাম, এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এমন আশা তো আমি করতেই পারি।’

দেশ কি এ অবস্থার মধ্য দিয়েই যাবে? মুহিত বলেন, ‘বাংলাদেশ অদ্ভুত দেশ, চাইলেই হরতাল-অবরোধ হয়। তবে এর মধ্যেও মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার (জিডিপি) ৬ শতাংশের ওপর থাকছে।’

সাম্প্রতিক সহিংস পরিস্থিতিতে অর্থনীতির কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে চিত্র আগামী মার্চে সমন্বয় কাউন্সিলের বৈঠকে তুলে ধরা হবে বলে জানান মন্ত্রী।

দেশবাসীর প্রতি আপনার আহ্বান কী? এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘এ আন্দোলন যারা করছে, তারা বাংলাদেশের শত্রু। আমি সচেতন ব্যক্তিদের (সেনসিটিভ পারসন) এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।’

মুহিত আরো বলেন, বেগম জিয়ার সঙ্গে যারা আছেন তারাও কেন বুঝতে পারছেন না। আমি জানি না। এটা কোন রাজনৈতিক আন্দোলন নয়। এটা সসিংসতা।

সংবাদ সম্মেলনে অর্থ সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান ও অথনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মেজবাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।