ব্যাংকিং কমিশন থেকে সরে আসছে সরকার
দেশের ব্যাংকিং খাতের উন্নয়নে ব্যাংকিং কমিশন গঠনের কথা ঘোষণা দিলেও তা থেকে সরে আসার কথা আনুষ্ঠানিকভাবে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, আপাতত কমিশন গঠন করা হচ্ছে না।
রোববার সচিবালয়ে ‘ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম’ (ইআরএফ)-এর সঙ্গে এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি একথা জানান।
ব্যাংকিং খাতের সংস্কার ও উন্নয়নে চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় একটি ব্যাংকিং কমিশন গঠনের কথা বলেছিলেন মুহিত।
মতবিনিময় সভায় এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকিং কমিশন করার এখন কোন ইচ্ছা নেই আমার।’
এর কারণ হিসেবে তিনি বলেন, বিশেষ করে ব্যাংকিং খাতে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেখানে যেসব ইনকোয়ারি হচ্ছে, সেগুলো লিমিটেড ইনকোয়ারি। এটার ফল-টল দেখা দরকার। তারপর ঠিক করা যাবে- ব্যাংকিং কমিশন করার প্রয়োজন কি আছে বা থাকলে কীভাবে সেটাকে কাস্ট করা যায়।’
প্রসঙ্গক্রমে অর্থমন্ত্রী আরো বলেন, ‘অনেক হৈ চৈ করে ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট’ (এফআরএ)-টা পাস করলাম। কিন্তু এখন পর্যন্ত ‘এফআরএ কাউন্সিল’ গঠন করা সম্ভব হয়নি। আশা করছি, আগামী বছর এটা বাস্তবায়িত হবে।’
মুহিত বলেন, দেশে বৈষম্য বেড়েছে এটা ঠিক। তবে আয় নিচের দিকেও যাচ্ছে। পুঁজিবাজারের প্রসঙ্গ টেনে মুহিত বলেন, এখানে সরকারের অংশগ্রহণ কম থাকাই ভালো।
এসময় ইআরএফ নেতারা নতুন বাজেটের জন্য বেশ কিছু সুপারিশমালা তুলে ধরেন। সংগঠনের সভাপতি সাইফ ইসলাম দিলাল বলেন, সরকারের উচিত মানব সম্পদ উন্নয়নে নতুন বাজেটে গুরুত্ব দেয়া। এজন্য প্রয়োজনে মানব সম্পদ মন্ত্রণালয় করা যেতে পারে। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেয়া যেতে পারে।
সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পুঁজিবাজারের জন্য বিশেষ তহবিল গঠনের প্রস্তাব করেন। তবে অর্থমন্ত্রী তাতে সায় দেননি।
এসএ/আরএস/আরআইপি