গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না মতিউর রহমান মুন্না , গ্রিস প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬
গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার/ছবি-সংগৃহীত

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ফের পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টাকালে এসব নৌযান বিপদের মুখে পড়ে।

গ্রিক কোস্টগার্ড জানায়, অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একাধিক নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। উদ্ধার শেষে সবাইকে নিকটবর্তী নিরাপদ বন্দরে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা যাচাইয়ের কাজ চলছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের করা অভিবাসীদের একাধিক পোস্টে জানা গেছে এই দুই নৌকায়ই অনেক বাংলাদেশি ছিলেন।

গ্রিক প্রশাসন আরও জানায়, মানবপাচারকারী চক্রগুলো ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাঠাচ্ছে। এ ঘটনায় পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।

সম্প্রতি গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে উপকূলীয় এলাকায় নজরদারি ও উদ্ধার তৎপরতা আরও জোরদার করেছে গ্রিক কোস্টগার্ড।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]