জোড়া সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ালেও বড় হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

প্রথম ইনিংসেই সর্বনাশটা যা করার করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের করা ৫১৮ রানের বিশাল ইনিংসের জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল মাত্র ২৪৮ রানে। ২৭০ রান পিছিয়ে থাকায় ক্যারিবীয়দের ফলোঅন করায় ভারত।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। জোড়া সেঞ্চুরিতে শেষ পর্যন্ত অলআউট হয় ৩৯০ রানে। বড় স্কোর গড়লেও প্রথম ইনিংসের ব্যর্থতায় ভারতের সামনে লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে মাত্র ১২১ রানের। এর মধ্যে ১ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহও করে ফেলেছে ভারতীয়রা। আর মাত্র ৫৮ রান প্রয়োজন, হাতে আছে পুরো একটি দিন।

২৭০ রান পিছিয়ে পড়ে তৃতীয় দিনই ব্যাট করতে নামতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ২ উইকেট হারিয়ে ১৭৩ রানে দিন শেষ করে তারা। জন ক্যাম্পবেল ৮৭ ও সাই হোপ ব্যাট করছিলেন ৬৬ রান নিয়ে।

ম্যাচের চতুর্থ দিন এসে সেঞ্চুরি পেলেন এই দু’জনই। ১৭৭ রানের জুটি গড়েন জন ক্যাম্পবেল। ১১৫ রান করে আউট হন এই ক্যারিবীয় ওপেনার। অভিজ্ঞ শাই হোপ আউট হন ১০৩ রান করে। ফিফটি করেন জাস্টিন গ্রিভস। ৮৫ বলে ৫০ রান করে অপোজিত থাকেন জাস্টিন গ্রিভস। ৪০ রান করে আউট হন রস্টোন চেজ। শেষ মুহূর্তে জাইডেন সিলস ৩২ রান করে দলের রান বাড়িয়ে দিয়ে যান।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।