মুস্তাফিজ ‘রহস্য’ উন্মোচন
অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও নিয়েছেন ছয় উইকেট। তার বোলিংয়ে রীতিমতো বিধ্বস্ত ভারতের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের ‘ওয়ান্ডার বয়’ এখন সারা বিশ্বের কাছেই বিস্ময়।
বল হাতে তার সবচেয়ে শক্তিশালী দিক ঠিক কোনটা? তাই নিয়েই এখন শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কোন অস্ত্রে বধ হলেন ধোনি, কোহলি, রায়না, ধাওয়ানরা?। সেই উত্তর পাওয়া গেল বাংলাদেশের ফাস্ট বোলার কোচ সারোয়ার ইমরানের কাছে। তিনি বলেন, মুস্তাফিজুরের প্রকৃতিপ্রদত্ত বোলিং হল, আউট সুইং। এটার সঙ্গে ওর স্টকে দুটো ভেরিয়েশন রয়েছে। একটা স্লোয়ার অফ কাটার, একটা ফাস্ট অফ কাটার।
তবে স্লোয়ার ও ফাস্ট কাটারের মধ্যে ওর হাতের অ্যাকশনের যে পার্থক্য, এটা ব্যাটসম্যানদের পক্ষে ধরা প্রায় অসম্ভব। ফলে ব্যাটসম্যানরা বুঝতেই পারছেন না যে, ওর কোন কাটারটা স্লোয়ার, কোন কাটারটা ফাস্টার।’
স্লোয়ার ও কাটার আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নয়। রিচার্ড হ্যাডলি, ইমরান খানের মতো কিংবদন্তিদের এসব অ্যাকশন করতে দেখা গিয়েছে। কিন্তু মুস্তাফিজুরের হাতের অ্যাকশনটাই পার্থক্য গড়ে দিয়েছে।
১৯ বছর বয়সী মুস্তাফিজুরের প্রশংসা করে টাইগারদের সাবেক এই কোচ বলেন, ওর সামনে দুর্দান্ত ক্যারিয়ার অপেক্ষা করে রয়েছে, ওকে খেলা খুব একটা সহজ হবে না। ওর হাতে সব অস্ত্রই রয়েছে। আর ওর ক্রিকেটের মাথাটাও দারুণ।
এমআর/এসআরজে/এমএস