বিক্রি হয়েছিল ৯০-এর বিশ্বকাপ!
ফিফার ঘুষ কেলেঙ্কারিতে কিছু দিন আগেই উঠে এসেছিল আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট হুলিও গ্রোন্দোনোর নাম। প্রয়াত ওই ফুটবল কর্তার নাম আবারো জড়িয়ে গেল এক বিশাল ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে। চাঞ্চল্যকর অভিযোগের মধ্যে বিতর্ক তৈরি করেছে দিয়েগো ম্যারাডোনার মন্তব্যও।
গ্রোন্দোনার সঙ্গে দীর্ঘকালের খারাপ সম্পর্ক ম্যারাডোনার। যিনি এই গড়াপেটার খবর শুনে মন্তব্য করেছেন, আমি আমার তিন মেয়ের নামে হলফ করে বলতে পারি, ১৯৯০ বিশ্বকাপ ফাইনালটা গ্রোন্দোনা জার্মানিকে বিক্রি করে দিয়েছিল। এটা আমরা অনেক দিন থেকে জানি।
গ্রোন্দোনার গড়াপেটার প্রথম ঘটনা ১৯৬৪ সালে। সেসময় গড়াপেটার শিকার হয়েছিল পেলের সান্তোস। তার কুকীর্তির শেষ সন্ধান পাওয়া গিয়েছে ২০১৩ সালে। কখনও রেফারি, কখনও লাইন্সম্যানকে ঘুষ দিয়েই চলত গড়াপেটা।
সম্প্রতি আর্জেন্টিনার পুলিশ একটি অডিও ফাইল বাজেয়াপ্ত করেছে। যা শুনে পুলিশ জানতে পারে, কোপা লিবের্তাদোরেসে ম্যাচ গড়াপেটায় যুক্ত ছিলেন গ্রোন্দোনা। ঘুষ কেলেঙ্কারিতে যুক্ত থাকার প্রমাণও পুলিশ পেয়েছে ওই অডিও ফাইল থেকে। গত বছর জুলাইয়ে মারা গিয়েছেন গ্রোন্দোনা। তার আগে প্রায় ২৬ বছর ফিফার এক্সিকিউটিভ সদস্য ছিলেন তিনি। সেসময়ই ফিফায় ১ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ শেপ ব্লাটারের ঘনিষ্ঠ গ্রোন্দোনার বিরুদ্ধে।
২০১৩ সালে কোপা লিবের্তাদোরেসের প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার বোকা জুনিয়র্স এবং ব্রাজিলের কোরিন্থিয়ান্স। কোপা লিবের্তাদোরেস ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের সমতূল্য। বোকা জুনিয়র্সের কাছে প্রি কোয়ার্টারের ওই ম্যাচে কোরিন্থিয়ান্স হেরে বিদায় নেয়।
অডিও টেপ থেকে নাকি জানা গিয়েছে, ওই ম্যাচে কোরিন্থিয়ান্সকে ছিটকে দেওয়ার পেছনে হাত ছিল গ্রোন্দোনার। গড়াপেটা করেছিলেন তিনি। আর সেই কাজটা করেছিলেন প্যারাগুয়ান রেফারি কার্লোস আমারিয়াকে ম্যানেজ করে। এই বক্তব্য নাকি অডিওতে গ্রোন্দোনার নিজের গলাতেই শোনা গিয়েছে। প্রথম লেগের ম্যাচ বোকা ১-০-তে জেতে। দ্বিতীয় লেগে ১-১ ড্র হওয়ায় ছিটকে যায় কোরিন্তিয়ান্স।
ব্রাজিলিয়ানরা এই খবরে ক্ষুব্ধ। প্রশ্ন উঠেছে, গ্রোন্দোনার নিজের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে কী করে সাতবার লিবের্তাদোরেস জিতল? সে ক্ষেত্রে কি আরও অনেক গড়াপেটা হয়েছে?
ওই অডিওতেই জানা গিয়েছে, ৫১ বছর আগের গড়াপেটার কথা। ১৯৬৪ সালে কোপা লিবের্তাদোরেসে সেমিফাইনাল থেকে ইন্দিপেন্দিয়েন্তের বিরুদ্ধে হেরে বিদায় নিয়েছিল পেলের সান্তোস। এ ক্ষেত্রেও নাকি গ্রোন্দোনার স্বীকারোক্তি পাওয়া গিয়েছে, তিনি ওই ম্যাচে দুই লাইন্সম্যানকে ঘুষ দিয়েছিলেন। সে বছর চ্যাম্পিয়নও হয় ইন্দিপেন্দিয়েন্তে। -এই সময়
আরটি/আরএস/আরআই/এসআরজে