হোয়াটসঅ্যাপ চ্যাট হ্যাকড হয়েছে বুঝবেন যেভাবে
বর্তমানে হোয়াটসঅ্যাপ শুধু মেসেজ আদান-প্রদানের মাধ্যম নয় এটি এখন ব্যক্তিগত তথ্য, ছবি, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এমনকি অফিসিয়াল যোগাযোগেরও একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন স্মার্টফোন ব্যবহারকারী খুঁজে পাওয়া একটু কষ্টকর বটে। তবে ব্যক্তিগত চ্যাট বা তথ্য যেখানে আছে আপনার সেই অ্যাকাউন্ট যদি অজান্তে অন্য কোনো ডিভাইসে খোলা থাকে, তাহলে তা বড় ধরনের গোপনীয়তা ঝুঁকি তৈরি করতে পারে।
চ্যাট হ্যাকড হওয়া অনেক বড় বিপদের লক্ষণ। ডিজিটাল যুগে চ্যাট হ্যাক হওয়া মানে আপনার ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যাওয়া। এতে আর্থিক সমস্যা থেকে শুরু করে মানহানি হতে পারে।
কীভাবে বুঝবেন অন্য কোথাও আপনার হোয়াটসঅ্যাপ লগ-ইন আছে?
প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর স্ক্রিনের উপরের ডান পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করুন। সেখান থেকে লিংকড ডিভাইস অপশনে ঢুকলেই আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে সক্রিয় রয়েছে।
সন্দেহজনক ডিভাইস দেখলে কী করবেন?
যদি তালিকায় এমন কোনো ডিভাইস দেখতে পান যা আপনার নয় বা চিনতে পারছেন না, তাহলে সেটিতে ট্যাপ করুন। এরপর লগ আউট নির্বাচন করলেই ওই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে।
নিরাপদ ব্যবহারের জন্য কিছু জরুরি সতর্কতা
পাবলিক কম্পিউটার বা অন্য কারো ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় বাড়তি সতর্ক থাকা জরুরি। ব্যক্তিগত তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন এবং অজানা কোনো লিংক বা ফাইল ডাউনলোড করবেন না। সন্দেহজনক কিউআর কোড স্ক্যান করা থেকেও বিরত থাকুন।
বাইরে ব্যবহার করলে কী খেয়াল রাখবেন?
কোনো কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে কাজ শেষে অবশ্যই লগ-আউট করুন। কখনোই অপরিচিত বা অবিশ্বস্ত ওয়েবসাইটে ওটিপি প্রদান করবেন না। প্রয়োজনে ব্রাউজারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কাজ শেষেই সেশন বন্ধ করে দিন।
- আরও পড়ুন
হোয়াটসঅ্যাপের মেসেজ ব্যাকআপ রাখা যাবে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে
হোয়াটসঅ্যাপের সব চ্যাট পড়তে হবে না, সামারি জানাবে অ্যাপ
কেএসকে