যৌথভাবে কাজ করবে বেসিস ও কানাডা


প্রকাশিত: ০৪:৩২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান বলেছেন, কানাডার বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসার প্রসার ও বিনিয়োগ বাড়াতে যৌথভাবে কাজ করবে বেসিস, কানাডিয়ান হাই কমিশন ও কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ক্যানচেম)। শিগগিরই এই লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনায় বসা হবে। ইতোমধ্যেই এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে প্রতিষ্ঠানগুলো।

রোববার ঢাকাস্থ কানাডীয় হাই কমিশন ও কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচেম) এর আয়োজনে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত ‘শোকেস কানাডা ২০১৫’ শীর্ষক বাণিজ্য ও শিক্ষা মেলায় আইটি অবকাঠামো ও ই-কমার্স শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম-সচিব শ্যামা প্রসাদ ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়েরে লাঘামে বলেন, বাণিজ্য সম্পর্কে বাংলাদেশ ও কানাডা অনেক ভালো অবস্থানে রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ২০০ কোটি ডলার। এই সম্পর্কে উন্নয়নে আগামীতেও সম্মিলিতভাবে কাজ করা হবে।

অনুষ্ঠানে দেশের তথ্যপ্রযুক্তির অবকাঠামো ও ই-কমার্সের বর্তমান অবস্থা নিয়ে বিশদ প্রেজেন্টেশন দেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ। তিনি বলেন, ই-কমার্সে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর তুলনায় বাংলাদেশে ই-কমার্সের অগ্রগতি খুবই দ্রুত। তাই একথা নিঃসন্দেহে বলা চলে, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও ই-কমার্সে দ্রুতই বিপ্লব ঘটাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যানচেম সভাপতি মাসুদ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, সোগেমা টেকনোলজিসের ভাইস-প্রেসিডেন্ট ডন জোয়িচ, ফ্লোরা টেলিকমের চেয়ারম্যান মোস্তফা রফিকুল ইসলাম প্রমুখ।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।