জাগো টপ টেন
২০ ডিসেম্বর ২০২৪
-
বুয়েট শিক্ষার্থী নিহত: তিন আসামি কারাগারে, দুজনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি মিলেছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আসামিদের আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেইসঙ্গে রোববার (২২ ডিসেম্বর) তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।
-
উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ (৮৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব (পিএস) মোহাম্মদ নাছির উদ্দিন।
-
আওয়ামী লীগ এতিম হয়ে গেছে, তাদের মারবেন না: ব্যারিস্টার খোকন
‘শেখ হাসিনা ভারতে চলে যাওয়ায় আওয়ামী লীগ এখন এতিম, তাদের কেউ মারবেন না’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি আরও বলেন, তবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা চরম অপরাধ করেছেন, অস্ত্র ঠেকিয়ে ভোট চুরি করেছেন; তাদের বিচার এ দেশের মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ।
-
জীবন দিয়ে হলেও জামায়াতের সদস্যরা বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করবে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের ৫৬ হাজার বর্গ মাইলের ভূখণ্ড জীবন দিয়ে হলেও জামায়াতের সদস্যরা রক্ষা করবেন, সেই প্রতিশ্রুতি দিচ্ছি।
-
পলিথিনবিরোধী ১৯৯টি মোবাইল কোর্ট পরিচালিত, ২৫ লাখ টাকা জরিমানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক গঠিত মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, পলিথিন শপিং ব্যাগের নিষিদ্ধ ঘোষণা কার্যকর করতে গত ৩ নভেম্বর থেকে দেশব্যাপী ১৯৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৪১৪টি প্রতিষ্ঠানকে মোট ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
-
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রলীগের দুই নেতা কারাগারে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির সূর্য সেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান (২৮) এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম (২৮)।
-
খেজুরের রস পান করতে ছাতক থেকে সিলেট, ফেরার পথে লাশ হন তিন বন্ধু
সিলেটের লামাকাজি এলাকায় খেজুরের রস পান করতে শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে সুনামগঞ্জের ছাতক থেকে সিলেটের লামাকাজি এলাকায় এসেছিলেন তিন বন্ধু সৈয়দ মোখছেদ হাসান মহান, আব্দুল আজিজ সায়েম ও রফিকুল্লাহ মাহি। সঙ্গে ছিলেন সায়েমের চাচাতো ভাই তাহমিদ আহমদ ও তার বন্ধু হাফিজুর রহমান। খেজুরের রস পান করে প্রাইভেটকারে করে ভোরেই রওয়ানা দেন জাফলং ও জৈন্তাপুরের লাল শাপলার বিল দেখতে। সকাল ১০টার মধ্যেই সবকিছু ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু নিমিষেই সেই আনন্দ রূপ নেয়ে বিষাদে।
-
দেশের তিন খাতের উন্নয়নে ১১৬ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশের স্বাস্থ্য খাত, পানি ও স্যানিটেশন পরিষেবা এবং সবুজ জলবায়ু সহনশীল উন্নয়ন অর্জনের সহায়তায় ১ দশমিক ১৬ বিলিয়ন ডলার অর্থাৎ ১১৬ কোটি ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরস প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তিনটি খাতে ১ দশমিক ১৬ বিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করে। প্রতি ডলার সমান ১১৯ টাকা ৫৬ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এই অর্থায়নের পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ১৪৭ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা।
-
বিএনপির সঙ্গে ছলচাতুরী করে লাভ হবে না: রিজভী
নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে ছলচাতুরী করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার (নির্বাচনের) যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত রোডম্যাপ, জনগণ এটা প্রত্যাশা করেনি। কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে।
-
ইউক্রেনের ৫০৩ সেনার মরদেহ ফিরিয়ে দিলো রাশিয়া
রাশিয়ার কাছ থেকে নিজেদের ৫০৩ সেনার মরদেহ গ্রহণ করেছে ইউক্রেন। শুক্রবার (২০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে কিয়েভ কর্তৃপক্ষ। ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে যে সব বিষয় এখনো চালু আছে তার মধ্যে অন্যতম হলো বন্দি ও মরদেহ বিনিময়।