লাইফস্টাইল

প্রতিদিন মুখে যে তেল লাগাতে ভোলেন না রানি

বয়স কেবল সংখ্যা, বলিউড অভিনেত্রী রানি মুখার্জির দিকে তাকালেই যেন কথাটা আরও একবার সত্যি প্রমাণিত হয়। প্রায় তিন দশক ধরে সিনেমার পর্দায় সক্রিয় থেকেও তার ত্বকের উজ্জ্বলতা আজও চোখে পড়ার মতো। বয়স এরই মধ্যে ৪৭ পেরিয়েছে, কিন্তু সেই ছাপ অভিনেত্রীর মুখে খুঁজে পাওয়া কঠিন। এই জেল্লার রহস্য কী? নিজেই এক সাক্ষাৎকারে সেই রহস্য শেয়ার করেছেন ভক্তদের জন্য।

‘কুছ কুছ হোতা হ্যয়’-এর কলেজপড়ুয়া মেয়েটি থেকে শুরু করে ‘মর্দানি’-র দৃঢ়চেতা পুলিশ অফিসার বিভিন্ন বয়স ও চরিত্রে নিজেকে মানিয়ে নিতে রানির জুড়ি মেলা ভার। দীর্ঘ অভিনয়জীবনে যেমন নিজেকে বদলেছেন, তেমনই ত্বকের যত্নেও তিনি বরাবর ভরসা রেখেছেন সহজ ও পরিচিত উপকরণের ওপর।

এক সাক্ষাৎকারে রানি জানান, তার রূপচর্চার রুটিন একেবারেই সাধারণ। বছরের পর বছর ধরে তিনি নিয়মিত নারকেল তেল ব্যবহার করে আসছেন। অভিনেত্রীর কথায়, নারকেল তেল তার কাছে শুধু একটি সৌন্দর্য উপকরণ নয়, বরং দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ত্বকের যত্নে যেমন এটি ব্যবহার করেন, তেমনই খাবার হিসেবেও তার পছন্দের তালিকায় রয়েছে এই তেল।

রানি মনে করেন, ত্বকের জন্য কোন উপকরণ উপযুক্ত হবে, তা অনেকটাই নির্ভর করে বসবাসের জায়গা ও আবহাওয়ার উপর। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্কিন কেয়ারের উপকরণও বদলানো প্রয়োজন এই বিশ্বাসে তিনি বরাবরই আস্থা রাখেন।

নিজের অভিজ্ঞতা থেকে অভিনেত্রী আরও বলেন, জুহুর মতো সমুদ্র উপকূলবর্তী এলাকায় বড় হওয়ার কারণেই নারকেল তেল তার ত্বকে দারুণভাবে মানিয়েছে। এই ধরনের আবহাওয়ায় নারকেল তেল ত্বকে আরাম দেয় এবং স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। তবে সব জায়গার আবহাওয়ায় একই উপকরণ সমানভাবে কাজ নাও করতে পারে। পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের ত্বকের ধরন ও আবহাওয়া ভিন্ন হওয়ায় সেখানে অন্য ধরনের যত্ন প্রয়োজন হতে পারে।

জেএস/