রাজনীতি

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে আলাদা ট্রাইব্যুনালের ঘোষণা জামায়াতের

ক্ষমতায় গেলে নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে বিশেষ হেল্পলাইন ও ভিকটিম সাপোর্ট সেল আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা জানায় জামায়াত।

দলটির নেতারা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। এই ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বা রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না।

ইশতেহারে বলা হয়, নারী ও শিশুর প্রতি সহিংসতার মামলাগুলো দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার কারণে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এ অবস্থা থেকে উত্তরণে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত তদন্ত, বিচার ও শাস্তি কার্যকর করা হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের জন্য আইনি সহায়তা, চিকিৎসা ও মানসিক কাউন্সেলিং নিশ্চিত করা হবে।

জামায়াতের ইশতেহারে আরও উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে নারী ও শিশুবান্ধব করে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। থানাভিত্তিক ভিকটিম সাপোর্ট ডেস্ক জোরদার করা হবে এবং অভিযোগ গ্রহণ থেকে মামলা নিষ্পত্তি পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এছাড়াও নারী ও শিশুর প্রতি সহিংসতা শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি সামাজিক ও নৈতিক অবক্ষয়েরও প্রতিফলন। তাই আইনি ব্যবস্থার পাশাপাশি পরিবার ও সমাজভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।

জামায়াত ক্ষমতায় গেলে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে নারী ও শিশুর সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও ইশতেহারে জানানো হয়েছে।

টিটি/এমআইএইচএস