খেলাধুলা

টিকিট কাটা হয়ে গেছে, ম্যাচ না হলেও আমরা কলম্বো যাচ্ছি: সূর্যকুমার

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এরপরও দুই দেশের সমর্থকদের একটা অংশ আশা করছে, শেষ পর্যন্ত মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

এমন সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট করে জানালেন, ম্যাচ হোক বা না হোক, ভারত দল কলম্বো যাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বৃহস্পতিবার মুম্বাইয়ে ক্যাপ্টেনস মিডিয়া ব্রিফিংয়ে সূর্যকুমার বলেন, ‘আমাদের মানসিকতা একদম পরিষ্কার। আমরা তাদের বিপক্ষে খেলতে অস্বীকার করিনি। অস্বীকারটা তাদের (পাকিস্তান) দিক থেকেই এসেছে। আইসিসি ম্যাচটি নির্ধারণ করেছে। আইসিসির সঙ্গে সমন্বয় করে বিসিসিআই ও ভারত সরকার নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি হয়েছে। কলম্বোর ফ্লাইট বুক করা আছে। আমরা যাচ্ছি। এরপর কী হয়, তা পরে দেখা যাবে।’

বর্তমান চ্যাম্পিয়ন ভারত আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনই মাঠে নামবে। মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার মিশন। শুরুর দ্বারপ্রান্তে থাকা আসরের ফেবারিটের তালিকায় শীর্ষেই রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সংবাদ সম্মেলনেও সেই আত্মবিশ্বাসটাই দেখা গেছে সূর্যকুমারের। বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে ভারত অধিনায়ককে। পাকিস্তান ম্যাচ ঘিরে ড্রেসিংরুমের মনোভাব জানতে চাইলে তিনি বলেন, ‘দলের আলোচনা একদম পরিষ্কার। আগে আমরা ৭ ফেব্রুয়ারির ম্যাচ খেলব, তারপর দিল্লি যাবো। এরপর কলম্বো রওনা দেব।’

ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না এক যুগেরও বেশি সময় ধরে। বিশ্বা আসর ও মহাদেশীয় আসরেই দুই দলের ম্যাচ হয়। তবে এবার বেঁকে বসেছে পাকিস্তান। তবে এমন পরিস্থিতিতেও নির্ভার সূর্যকুমার বলেন, কলম্বো পৌঁছে যাওয়া ছাড়া তার হাতে আর কিছু নেই।

তিনি বলেন, ‘তাদের (পাকিস্তান) সিদ্ধান্ত আমার নিয়ন্ত্রণে নেই। যদি আমার হাতে থাকত, ভালোই হতো। কিন্তু এটা ওদেরই সিদ্ধান্ত। আমাদের বলা হয়েছে ১৫ তারিখে খেলতে হবে। আমরা এশিয়া কাপে ওদের বিপক্ষে খেলেছি, তিনবার খেলেছি। ভালো ক্রিকেট খেলেছি, জিতেছি, খুশি হয়েছি। একইভাবে কলম্বোতে আবার সুযোগ পেলে আমরা অবশ্যই খেলব।’

তিনি আরও যোগ করেন, ‘এটা সহজ সিদ্ধান্ত নয়। নিশ্চয়ই ওরা কিছু না কিছু ভাবছে। কিন্তু যদি এই সিদ্ধান্ত অন্য সরকার বা দেশের দিক থেকে এসে থাকে, তাহলে ওদের জন্যও পরিস্থিতিটা কঠিন। আমি জানি এটা কঠিন অবস্থা। কিন্তু যেমন বলেছি, যদি আমাদের বলা হয় এবং সূচি ঠিক থাকে, তাহলে আমরা অবশ্যই মাঠে নেমে খেলবো।’

আইএন