খেলাধুলা

বার্সায় ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন লামিনে ইয়ামাল

স্প্যানিশ লা লিগা জায়ান্ট বার্সেলোনার ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার জার্সিতে গোলসংখ্যায় কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

কোপা দেল রে কোয়ার্টার-ফাইনালে আলবাসেতের বিপক্ষে ম্যাচে গোল করে বার্সেলোনার জার্সিতে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নেন ইয়ামাল। সেই গোলের মাধ্যমেই তিনি ছাড়িয়ে যান ম্যারাডোনার বার্সেলোনা ক্যারিয়ারের গোলসংখ্যা।

আলবাসেতের বিপক্ষে করা গোলটি ছিল বার্সেলোনার হয়ে লামিনে ইয়ামালের ৩৯তম। তিনি এই গোল করেছেন মোট ১৩৫ ম্যাচে। অন্যদিকে, দিয়েগো ম্যারাডোনা বার্সেলোনার হয়ে ৫৮ ম্যাচে করেছিলেন ৩৮ গোল। ম্যাচসংখ্যার দিক থেকে ম্যারাডোনা অনেক কম খেললেও, গোলসংখ্যায় এবার তাকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল।

কোপা দেল রের ওই ম্যাচের প্রথমার্ধে মার্কাস রাশফোর্ড ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সমন্বিত চাপে প্রতিপক্ষের ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নেন ইয়ামাল। ডান প্রান্ত থেকে বাঁ পায়ে নেওয়া প্রথম শটটি গোলরক্ষকের নাগালের বাইরে চলে যায়, সরাসরি জালের ওপরের কোণে। গ্যালারিতে তখন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

মাত্র ১৮ বছর বয়সেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন লামিনে ইয়ামাল। তার ধারাবাহিক পারফরম্যান্স ইঙ্গিত দিচ্ছে, এই গতিতে এগোলে ভবিষ্যতে তিনি শুধু বার্সেলোনার নয়, বিশ্ব ফুটবলেরও অন্যতম বড় কিংবদন্তিতে পরিণত হতে পারেন।

বার্সেলোনার সামনের ম্যাচসূচি

বার্সেলোনা বনাম মায়োরকা — শনিবার, ৭ ফেব্রুয়ারি (লা লিগা)জিরোনা বনাম বার্সেলোনা — সোমবার, ১৬ ফেব্রুয়ারি (লা লিগা)বার্সেলোনা বনাম লেভান্তে — রবিবার, ২২ ফেব্রুয়ারি (লা লিগা)

আইএইচএস/