খেলাধুলা

নেপাল থেকে ট্রফি নিয়ে ফেরার প্রত্যাশা অর্পিতার

আরেকটি বাধা। সে বাধার নাম ফাইনাল এবং ফাইনালের প্রতিপক্ষ ভারত। শনিবার নেপালের পোখারায় ভারতকে হারালেই সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা এককভাবে চলে আসবে বাংলাদেশের কাছে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন যৌথভাবে বাংলাদেশ ও ভারত।

চার দলের টুর্নামেন্টে বাংলাদেশ লিগভিত্তিক তিন ম্যাচই জিতেছে। ফাইনালে ওঠার পথে ভারতকে ২-০ গোলে হারিয়েছে আলপি-মুনকিরা। তাই ফাইনালের আগে আত্মবিশ্বাসটা বেশ ভালোই আছে পিটার বাটলারের শিষ্যদের।

২০২৪ সালের ফাইনাল ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে স্কোর ছিল ১১-১১। তবে লিগের ম্যাচে বাংলাদেশ জিতেছিল শেষ মিনিটে অর্পিতা বিশ্বাসের গোলে। এবার সেই অর্পিতা দলের অধিনায়ক।

বৃহস্পতিবার অধিনায়ক নেপাল থেকে ভিডিওবার্তায় আবারো ভারতকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। অর্পিতা বলেছেন, ‘দলের অবস্থা ভালো। কারো ইনজুরি নেই। সবাই মোটামুটি ফিট আছে। ফাইনালে ফাইট করার মতো মানসিক প্রস্তুতিও আমাদের আছে।’

‘আমরা ফাইনালে ভালো কিছু করবো। ভারতকে আমরা একবার হারিয়েছি। আবার তাদের সাথে ফাইনাল। তাই আমাদের মধ্যে আলাদা একটা শক্তি কাজ করছে যে, তাদেরকে আমরা একবার অলরেডি হারিয়েছি। আমরা মানসিকভাবে প্রস্তুত আছি তাদেরকে হারাতে। ট্রফি অবশ্যই বাংলাদেশে যাবে, আমরা মরণপণ চেষ্টা করবো যে ট্রফিটা বাংলাদেশে নিয়ে যেতে।’

আরআই/আইএইচএস/