খেলাধুলা

টানা দ্বিতীয় জয়ের সন্ধানে দুর্বারকে ১৫৭ রানের লক্ষ্য দিলো ধুমকেতু

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে দুর্বার একাদশকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে লিটন কুমার দাসের ধুমকেতু একাদশ। ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান করেছে ধুমকেতু।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলায় টস জিতে দুর্বারের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে পাঠায় ধুমকেতুকে। পুরো ২০ ওভার ব্যাটিং করে চ্যালেঞ্জিং লক্ষ্যই দিয়েছে লিটনের দল।

আগের ম্যাচে সাইফ হাসান অর্ধশতকের দেখা পেলেও আজ করতে পেরেছেন ২৮ রান। ধুমকেতুর হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন অধিনায়ক লিটন কুমার দাস। ইনিংসটি সাজিয়েছেন তিনি ৫ চারে।

দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান এসেছে শেখ মেহেদীর ব্যাট থেকে। তিনি ছিলেন অপরাজিত। ১৭ রান করেছেন শামীম হোসেন পাটোয়ারি।

দুর্বারের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম। একটি করে উইকেট গেছে আলিস ও সাইফউদ্দিনের ঝুলিতে।

আইএন