একটা সময় বেশ ভালোই লড়াই উপহার দিয়েছিল স্কটল্যান্ড। তবে রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকে লড়াই থেকে ছিটকে পড়ে স্কটিশরা। শেষ পর্যন্ত ৩৫ রানের সহজ জয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় স্কটল্যান্ড।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭ রানে ৩ উইকেট হারায় স্কটল্যান্ড। তবে অধিনায়ক রিচি বেরিংটন আর টম ব্রুসের ব্যাটে একটা সময় ২ উইকেটেই ১১৫ রান তুলে ফেলেছিল স্কটিশরা। বেরিংটন ২৪ বলে ৪২ আর ব্রুস ২৮ বলে ৩৫ করে আউট হন।
এরপরই হ্যাটট্রিক করেন রোমারিও শেফার্ড। ১৭তম ওভারে দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ বলে উইকেট শিকার করেন এই পেসার। উইকেট নেন শেষ বলেও। অর্থাৎ হ্যাটট্রিকসহ ওই ওভারেই ৪ উইকেট পান শেফার্ড। সবমিলিয়ে ২০ রানে নেন ৫ উইকেট।
এর আগে সিমরন হেটমায়ারের ঝোড়ো ফিফটিতে ৫ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।
কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠায় স্কটিশরা। দেখেশুনে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারালেও মোটে ৩৩ রান তুলে তারা।
৫০ বলে ৫২ রানের উদ্বোধনী জুটি গড়েন শাই হোপ আর ব্রেন্ডন কিং। হোপ ২২ বল খেলে করেন মাত্র ১৯, ব্রেন্ডন কিং ৩০ বলে ৩৫।
এরপর রানের গতি বাড়ান সিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ডরা। পাওয়েল ১৪ বলে ২৪, রাদারফোর্ড ১৩ বলে করেন ২৬ রান।
তবে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেওয়ার পেছনে মূল অবদান হেটমায়ারের। ৩৬ বলে ২ চার আর ৬ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন তিনি।
স্কটল্যান্ডের ব্র্যাড কুরি ২৩ রানে নেন ২টি উইকেট।
এমএমআর