আরও ১১৪ রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত। ভারতীয় বিমানবাহিনীর জন্য ফ্রান্সের নির্মিত এসব যুদ্ধবিমান কেনার প্রস্তাব এ সপ্তাহেই অনুমোদন দিতে পারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রায় ৩ লাখ ২৫ হাজার কোটি রুপি মূল্যের এই চুক্তিটি অনুমোদিত হলে এটি হবে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র ক্রয় চুক্তি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দিল্লি সফরের কয়েকদিন আগেই চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন মিললে এই চুক্তির আওতায় প্রায় ১০০টি রাফায়েল যুদ্ধবিমান ভারতে উৎপাদনের ব্যবস্থাও থাকবে। এর মাধ্যমে যুদ্ধবিমান প্রযুক্তি হস্তান্তর এবং ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অধীনে একটি কৌশলগত অংশীদারত্ব গড়ে উঠবে।
চুক্তিটি কার্যকর হলে রাফায়েল ব্যবহারকারী দেশগুলোর মধ্যে ফ্রান্সের বাইরে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট এই বহুমুখী যুদ্ধবিমানটি আকাশে আধিপত্য ও নিখুঁত হামলা চালাতে সক্ষম হওয়ায় বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে পরিচিত।
আরও পড়ুন>>ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানেরকাশ্মীরে ৩ যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করলো ভারতভারত-পাকিস্তানের যুদ্ধবিমানের বহর কেমন?বাংলাদেশ কেন পাকিস্তানের জেএফ–১৭ কিনতে আগ্রহী, কী আছে এই যুদ্ধবিমানে?
বর্তমানে ভারতের বিমানবাহিনীর কাছে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। সর্বশেষ ‘সি’ ভ্যারিয়েন্টটি ২০২৪ সালের ডিসেম্বরে হস্তান্তর করা হয়। এর পাশাপাশি ভারত নৌবাহিনীর জন্য ২৬টি ‘এম’ ভ্যারিয়েন্ট রাফায়েল কেনার চুক্তিও করেছে, যার মূল্য প্রায় ৬৩ হাজার কোটি রুপি।
ওই চুক্তির আওতায় চারটি দ্বৈত আসনের প্রশিক্ষণ বিমান কেনা হয়েছে। পাশাপাশি রক্ষণাবেক্ষণ, সরবরাহ সহায়তা এবং জনবল প্রশিক্ষণের জন্য এমআরও (মেইনটেন্যান্স, রিপেয়ার ও ওভারহল) চুক্তিও রয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এসব যুদ্ধবিমান ২০৩০ সালের মধ্যে সরবরাহ করা হতে পারে।
‘এম’ ভ্যারিয়েন্ট রাফায়েল যুদ্ধবিমান দুটি বিমানবাহী রণতরী—আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্যতে মোতায়েন করা হবে। এরই মধ্যে সরবরাহ করা ‘সি’ ভ্যারিয়েন্ট রাফায়েলগুলো আম্বালার ১৭ নম্বর স্কোয়াড্রন ‘গোল্ডেন অ্যারোজ’ এবং পশ্চিমবঙ্গের হাসিমারার ১০১ নম্বর স্কোয়াড্রন ‘ফ্যালকনস’-এর মধ্যে ভাগ করা হয়েছে।
যুদ্ধক্ষেত্রে রাফায়েলের অভিজ্ঞতাভারতের রাফায়েল যুদ্ধবিমান বেশ কিছু বাস্তব যুদ্ধ অভিযানে অংশ নিয়েছে। গত বছরের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিচালিত ‘অপারেশন সিঁদুরে’ এসব যুদ্ধবিমান ব্যবহৃত হয়। ওই সংঘাতে পাকিস্তান ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে।
রাফায়েল যুদ্ধবিমান ইরাক যুদ্ধ ও লিবিয়াসহ বিশ্বের বিভিন্ন সংঘাতেও ব্যবহৃত হয়েছে।
এই যুদ্ধবিমানে মেটিওর দূরপাল্লার আকাশ-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র, হ্যামার স্ট্যান্ড-অফ স্ট্রাইক অস্ত্র, স্পেকট্রা উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, আধুনিক রাডার ও লক্ষ্যনির্ধারণ প্রযুক্তি সংযোজনের সক্ষমতা রয়েছে।
সূত্র: এনডিটিভিকেএএ/