নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। শেষ মুহূর্তে জোরেশোরে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। রাজনৈতিক প্রচারণায় এবার শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখও সরব হয়েছেন। বিশেষ করে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রচারণায় বিভিন্ন আসনে দেখা যাচ্ছে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খানসহ কয়েকজন তারকাকে।
তবে তাদের মধ্যে নায়িকা শিমলার উপস্থিতি অনেককেই অবাক করেছে। কারণ, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হতে ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন এই অভিনেত্রী।
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা সেসময় নিজে গিয়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তখন একাধিক গণমাধ্যমে তিনি নিজেকে ‘আওয়ামী লীগ পরিবারের সন্তান’ বলে দাবি করেছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বপ্নে দেখা হওয়ার কথাও বলেছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি তিনি।আরও পড়ুনস্ত্রী মৌসুমী ছিলেন নৌকার প্রার্থী, ওমর সানি ধানের শীষেজামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, ঘটনা কী
অথচ সেই শিমলাকেই এবার ধানের শীষের নির্বাচনি প্রচারণায় দেখা গেল। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন শিমলা। তার সঙ্গে ছিলেন মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান ও অভিনেতা শাহেদ শরীফ। এ নিয়ে ট্রলের বন্যা বইছে সোশ্যাল মিডিয়াতে।
প্রচারণার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দিতে রাজি হয়েছেন। আর আমাকে নিয়ে নয়-ছয় কথা বলবেন না প্লিজ। আমার অনেক কথা বলার আছে, সেটা ১২ তারিখের পর বলবো।’
নৌকার মনোনয়ন ফরম কেনার পর এবার ধানের শীষের পক্ষে মাঠে নামায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও ট্রলের মুখে পড়েছেন শিমলা। হঠাৎ এমন অবস্থান পরিবর্তনের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গনে শিমলার উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। মাঝে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে আবার নীরব হয়ে যান। এবার প্রতীক বদলে নির্বাচনি মাঠে নামায় তাকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এলআইএ