বিনোদন

সৌদির সিনেমায় এক ফ্রেমে সালমান ও সঞ্জয়

 

পঁচিশ সালের শুরুতেই দুবাইয়ে শুটিংয়ের মহড়া ঘিরে বলিউডে শুরু হয়েছিল ব্যাপক জল্পনা-কল্পনা। গুঞ্জন ছিল, বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির পর এবার নাকি হলিউডে পা রাখতে যাচ্ছেন সালমান খান। সঙ্গে অ্যাকশনধর্মী এ সিনেমায় তার সঙ্গী হিসেবে সঞ্জয় দত্তের ক্যামিও- সব মিলিয়ে অনুরাগীদের উত্তেজনা ছিল তুঙ্গে। তবে শেষ পর্যন্ত জানা গেল, এ সিনেমা হলিউডের নয়, বরং সৌদি প্রযোজনার।

সূত্রের খবর, সালমান খান ও সঞ্জয় দত্তকে একসঙ্গে দেখা যাবে সৌদি সিনেমা ‘সেভেন ডগস’-এ। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত রড্রিগো গুয়েরা পরিচালিত আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’র আদলেই তৈরি হয়েছে এই থ্রিলারধর্মী সিনেমা। রিমেক বললেও খুব একটা ভুল হবে না।

এ সিনেমায় বিশেষ চরিত্রে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। অন্যদিকে গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে ক্যামিও চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। গত বছর দুবাইতে সিনেমাটির পুরোদমে শুটিং হয়েছে। জানা গেছে, সেখানে মুম্বাইয়ের ধারাভি বস্তির আদলে বিশাল সেটও নির্মাণ করা হয়েছিল।

যদিও এখনই সালমান ও সঞ্জয়ের চরিত্র নিয়ে মুখ খুলতে নারাজ নির্মাতারা। তবে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, দুই অভিনেতার চরিত্রেই থাকছে বড়সড় টুইস্ট। ট্রেলারে এরই মধ্যে ধরা পড়েছে সালমান ও সঞ্জয়ের ভয়ানক অ্যাকশনধর্মী রূপ। সঞ্জয় দত্তকে দেখা গেছে গ্যাংস্টার ধাঁচের এক চরিত্রে। ট্রেলারে খানিক কথোপকথনও রাখা হয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।

সৌদির এ সিনেমায় সালমান ও সঞ্জয়ের পাশাপাশি স্ক্রিনস্পেস শেয়ার করেছেন জনপ্রিয় মিশরীয় সুপারস্টার অ্যাজ ওয়াকারিম। এছাড়া সিনেমাতে রয়েছেন বিশ্বখ্যাত অভিনেত্রী মণিকা বেলুচিও। মেগাবাজেটের এই অ্যাকশন থ্রিলারে দেখানো হবে, কীভাবে একটি মাদকচক্র মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে নিজেদের প্রভাব বিস্তার করে। সিনেমাটি পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিল্লাল ফাল্লাহ।

আরও পড়ুন:আমিরের সিনেমায় ফিরছেন অরিজিৎ, ‘এক দিন’ ঘিরে চমক সামান্য পারিশ্রমিকে বিয়েবাড়িতে গাওয়া শিল্পী এখন কোটি টাকার মালিক 

ট্রেলার প্রকাশের পর থেকেই ভারতীয় দর্শকমহলে তৈরি হয়েছে উচ্ছ্বাস। অনেকের মতে, ‘সেভেন ডগস’ শুধু বক্স অফিসে সাড়া ফেলবে না, বরং সালমান খান ও সঞ্জয় দত্তকে বিশ্বসিনেমার মঞ্চে নতুনভাবে পরিচিত করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জানা গেছে, চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে চলেছে সৌদি ভার্সনের ‘সেভেন ডগস’।

এমএমএফ