দেশজুড়ে

সিলেটে বাসা থেকে বাঁশ-লাঠিসোঁটা উদ্ধার

সিলেটে একটি বাসা থেকে বিপুল পরিমাণ বাঁশ ও লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে নগরীর সোবহানীঘাট এলাকার মৌবন আবাসিক এলাকার ওই বাসা থেকে বাঁশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, ভোটের দিন সংঘাত সহিংসতার উদ্দেশে এগুলো ব্যবহার করার জন্য রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় লাঠিসোঁটা ও সংঘর্ষে ব্যবহারের উপযোগী বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের নির্বাচনি প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোলি বলেন, এ ধরনের ঘটনায় জনমনে অস্বস্তি তৈরি হয়েছে।

তার অভিযোগ, প্রতিপক্ষ প্রার্থী নির্বাচন বানচাল করতে কর্মী সমর্থকদের দিয়ে এমন প্রস্তুতি নিতে পারেন। তিনি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আহমেদ জামিল/আরএইচ/এমএন