রাজনীতি

‘ভোট ভালো হচ্ছে, কোনো চাপ পাত্তা দিচ্ছি না’

 

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারের উপস্থিতি। সব বয়সী ভোটারের উপস্থিতি দেখা গেছে কেন্দ্রগুলোতে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৮ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের সরব উপস্থিতি। 

কুড়িলের ক্যানবেরা মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি নারীদের জন্য। স্কুলটির ৫৪ নম্বর কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৭২৮ জন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে ৫৭৩টি। একই স্কুলের ৫৫ নম্বর কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৭৭৪ জন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৪১টি। 

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা শাহরিয়ার পারভেজ জাগো নিউজকে বলেন, ‘বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ছে। আমরা আশা করছি ৫০ শতাংশের মতো ভোট অবশ্যই পড়বে। সামান্য কম বেশি হতে পারে।’

তিনি বলেন, ‘এখানে তিন প্রার্থীর এজেন্ট উপস্থিত আছেন। বাকি প্রার্থীরা এজেন্ট দেননি। যারা যারা এজেন্ট দিয়েছেন তাদের সামনেই ভোট গণনা করবো। আশা করছি গণনা শেষ করতে খুব সময় লাগবে না।’

কোনো ধরনের চাপ আছে কিনা জানতে চাইলে শাহরিয়ার পারভেজ বলেন, ‘সকালের দিকে পোলিং এজেন্টদের ঢুকতে বাইরে থেকে বাধা দেওয়া হয়েছিল। আমরা গিয়ে তাদের নিয়ে আসছি। আমরা কোনো চাপকে পাত্তা দিচ্ছি না।’ 

কুড়িলের নিউ লাইট স্কুলের ৪০ নম্বর কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ১৪৬। ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫২০টি। কেন্দ্রে এসময় ভোটারদের বেশ লম্বা লাইন ছিল।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা ফরিদ আহমেদ জাগো নিউজকে বলেন, ভোট ভালো হচ্ছে। আমরা কোনো সমস্যা পাইনি এখন পর্যন্ত। 

স্কুলটির ৪১ নম্বর কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ১৪১ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২৪ শতাংশ। 

কুড়িলের জসিম উদ্দিন ইনস্টিটিউট ভোটকেন্দ্রের সামনে ভোটাররা, ছবি: জাগো নিউজ

পাশেই জসিম উদ্দিন ইনস্টিটিউটে দুটি কেন্দ্র। স্কুলটির ৪৩ নম্বর কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ১০২ জন।দুপুর পৌনে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৪২০টি। ৪২ নম্বর কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৯৮ জন। দুপুর সোয়া ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯৪টি। তবে এই কেন্দ্রের বাইরে ৭০-৮০ জনের দীর্ঘ লাইন দেখা গেছে। 

এখানে ভোট দিতে আসা ভোটার সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ভোটকেন্দ্রে এসে এবং একটা সুন্দর পরিবেশে ভোট দেওয়ার জন্য আমরা আনন্দিত এবং খুশি। উপভোগ্য একটা পরিবেশ যেটা মানুষ আশা করেছিল গত ১৬-১৭ বছর।’

ঢাকা-১৮ আসনটি উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান ও মোল্লারটেক নিয়ে গঠিত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড এই আসনের মধ্যে পড়েছে। এই আসনে মোট ভোটার ৬ লাখ ১৩ হাজার ৮৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৫০ জন, নারী ভোটার ৩ লাখ ৮২৭ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

এই আসনে ১০ জন প্রার্থী। ধানের শীষ প্রতীকের এস এম জাহাঙ্গীর, শাপলা কলির আরিফুল ইসলাম ও মোমবাতি প্রতীকের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জসিম উদ্দিনের এজেন্ট দেখা গেছে কেন্দ্রগুলোতে। আসনটিতে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপির এস এম জাহাঙ্গীর ও এনসিপির আরিফুল ইসলামের মধ্যে।

এএসএ/এমএমএআর