জাতীয়

একসঙ্গে দাঁড়িয়ে ইশরাক-মান্নান বললেন, ভোট সুষ্ঠু হয়েছে

ঢাকা-৬ আসনের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে মুখোমুখি হলেন বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত দুই প্রার্থী। তারা দুজনেই একসঙ্গে দাঁড়িয়ে বললেন, ভোটগ্রহণ সুষ্ঠু পরিবেশে চলছে। এখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রটিতে একই সঙ্গে উপস্থিত হন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও জামায়াত প্রার্থী ড. আব্দুল মান্নান। কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। এ সময় দুই প্রার্থীই নিজেদের সন্তুষ্টির কথা জানান। একই সঙ্গে দুই প্রার্থীই ভোটের ফলাফল মেনে নেওয়ার মানসিকতার ওপর গুরুত্বারোপ করেন।

বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর সংবাদ পাইনি। স্বাভাবিকভাবেই মানুষ ভোট দিচ্ছে। পূর্বেও মান্নান সাহেবের সঙ্গে কাজ করা হয়েছে। ফলাফল যাই হোক, আমরা তা মেনে নেব।

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, আমরাও এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।জনগণের রায়ই চূড়ান্ত ফলাফল হিসেবে আসবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। প্রদানকৃত পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্যদিকে সাধারণ ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা করা হবে।

এই আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. আক্তার হোসেন হারিকেন প্রতীকে, গণফ্রন্টের প্রার্থী আহমেদ আলী শেখ মাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইউনুস আলী আকন্দ ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এমডিএএ/জেএস/