রাজনীতি

কেন্দ্রের সামনে বাড়ছে প্রার্থীর সমর্থকদের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে এখন ভিড় বাড়ছে প্রার্থীদের সমর্থকদের। প্রধান দুইটি রাজনৈতিক দলের সমর্থকরা বলছেন, তারা কেন্দ্রের ফলাফল নিয়ে তারপরেই ঘরে ফিরবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্র, শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র, পীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, শেওড়াপাড়ার নর্থ সাউথ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা সিটি কলেজ কেন্দ্র, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে আজ দুপুরের পর থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেড়েছে। যারা সকালের কর্মব্যস্ততায় ভোট দিতে আসতে পারেননি তারা কেন্দ্রের দিকে আসেন দুপুরের পর।

এদিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, সারা দেশে ২৯৯টি আসনে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৬৫১টি। সবকটি কেন্দ্রেই একযোগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।

টিটি/এমএমকে