আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না ইরান: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পারমাণবিক কর্মসূচি নিয়ে যাচাই-বাছাইয়ে প্রস্তুত এবং কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।

তিনি বলেন, আমরা একেবারেই পারমাণবিক অস্ত্র চাই না। যদি কেউ এটি যাচাই করতে চায়, তাহলে সে ধরনের যাচাইয়ের জন্য আমরা প্রস্তুত।

পেজেশকিয়ান আরও বলেন, তবে অসুস্থতা নিরাময়, শিল্প ও কৃষির উন্নয়নের জন্য পারমাণবিক বিজ্ঞান ও জ্ঞান ব্যবহার করতে বাধা দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।

ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো মনে করে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে।

এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি বলেছেন, তেহরান যুদ্ধ চায় না। তবে একই সঙ্গে ন্যায্য আলোচনার পথ ও প্রতিরোধ ক্ষমতা জোরদারের কৌশল অনুসরণ করছে। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জাতীয় নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে ন্যায্য পারমাণবিক আলোচনার বিষয়ে ইরান ইতিবাচক মনোভাব পোষণ করে। একই সঙ্গে তিনি বলেন, প্রতিরোধ ফ্রন্ট ধাক্কা কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়িয়েছে এবং অভ্যন্তরীণ দুর্বলতাগুলোও দূর করা হয়েছে।

মাস্কাটে সাম্প্রতিক পরোক্ষ আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবির কোনো লিখিত জবাব দেওয়া হয়নি; যা হয়েছে তা কেবল মতবিনিময় এবং এ প্রক্রিয়াই এখন অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আঞ্চলিক দেশগুলোও ইরানের পারমাণবিক ইস্যুতে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে।

লারিজানি বলেন, আলোচনাটি ইতিবাচক হতে পারে, যদি তা ন্যায্য ও যুক্তিসঙ্গত হয় এবং সময়ক্ষেপণ বা পারমাণবিক ইস্যুর বাইরের বিষয় চাপিয়ে দেওয়ার হাতিয়ার না হয়ে ওঠে। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা-এটাকে তিনি সম্ভাব্য চুক্তির একটি অভিন্ন ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম