নতুন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এই খবরে তার নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরে বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ ও দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
এর আগে জাতীয় পার্টির সরকারের সময়ে তিনি শিক্ষা, আইন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এ উপলক্ষে মাগুরা মহোম্মাদপুরে সন্ধ্যায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় জেলা বিএনপির সদস্য মৈমুর আলী মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৪৯ সালের ৭ জানুয়ারি জন্ম নিতাই রায় চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স পাশ করে আইন পেশায় নিযুক্ত হন। এর আগে, ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রী সভায় এই আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ নেতা ড. বিরেন শিকদার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএইচকে/এমএস