বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা
নিরাপত্তা বলয় ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বাসভবনে ঢুকতে চাওয়া এক যুবককে গুলি করে হত্যা করেছে সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের ‘মার-এ-লাগো’ নামক বাসভবনে এ ঘটনা ঘটে।
এত চাপেও ইরান কেন ‘নতি স্বীকার’ করছে না, কৌতূহল জেগেছে ট্রাম্পের মনে
সামরিক চাপ বৃদ্ধির পরও ইরান এখনো নতি স্বীকার করে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হচ্ছে না। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে কৌতূহল জেগেছে। এ কথা জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদে প্রবেশাধিকার দিতে প্রস্তুত সোমালিল্যান্ড
আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে নিজেদের খনিজ সম্পদ ও সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিতে প্রস্তুত- এমন ঘোষণা দিয়েছেন ‘বিচ্ছিন্নতাবাদী অঞ্চল’ সোামালিল্যান্ডের এক জ্যেষ্ঠ মন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইঙ্গিতের পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যের বড় অংশে ইসরায়েলের অধিকার আছে: মার্কিন রাষ্ট্রদূত
মধ্যপ্রাচ্যের বড় অংশের ওপর ইসরায়েলের অধিকার আছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এমন মন্তব্য করেছেন। তার এই মন্তব্য ঘিরে আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সোমালিয়া
পাকিস্তানের কাছ থেকে ২৪টি জে-এফ থান্ডার যুদ্ধবিমান কেনার জন্য আলোচনা করছে সোমালিয়া। বিদেশি গণমাধ্যমের বরাতে রোববার (২২ ফেব্রুয়রি) এমন তথ্য জানিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
ইরানে ফের সরকারবিরোধী বিক্ষোভ, শিক্ষার্থীদের বড় সমাবেশ
ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফের সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন। গত মাসের প্রাণঘাতী দমন-পীড়নের পর এটাই এ ধরনের সবচেয়ে বড় আন্দোলন। এদিকে, এ ঘটনায় কোনো বিক্ষোভকারী আটক হয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।
জামা না পরে বিক্ষোভ, কংগ্রেসের বিরুদ্ধে চটলেন মোদী
ভারতের এআই সম্মেলন চলাকালে জামা না পরে বিক্ষোভ করেছে কংগ্রেসের যুব শাখা। তবে এর তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্রের চাপের মুখে মাথা নত করবে না ইরান। নতি স্বীকার না করার এমন অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত চুক্তিতে বাধ্য করতে প্রয়োজনে ইরানে সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পর শনিবার (২১ ফেব্রুয়ারি) এ মন্তব্য করেছেন পেজেশকিয়ান।
ফের মুখ থুবড়ে পড়লো ভারতের তেজস যুদ্ধবিমান
ফের মুখ থুবড়ে পড়লো ভারতের তেজস যুদ্ধবিমান। চলতি মাসের শুরুতে একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ) দুর্ঘটনার শিকার হয়। রোববার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ্যে এনেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।
আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ১৭ , প্রতিশোধের হুমকি তালেবানের
আফগানিস্তানের সীমান্তবর্তী দুটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শনিবারের (২১ ফেব্রুয়ারি) এই হামলায় আরও বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এই হামলার ‘উপযুক্ত’ জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন।
এমএসএম