লক্ষ্মীপুরের রামগতিতে নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়। এর আগে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর সেতু এলাকার ভুলুয়া নদী থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় লোকজন ও থানা পুলিশ জানায়, ভুলুয়া নদী থেকে শুষ্কমৌসুম একটি চক্র প্রভাব বিস্তার করে ভেক্যু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছে। তারা ওই মাটি অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলোতে সরবরাহ করা হয়। মাটি কাটার অভিযোগে রবিবার তিনজনকে আটক করা হয়। তারা হলেন উপজেলার পূর্ব চরকলাকোপা গ্রামের পরাধীন পাশা, চরহাসান হোসেন গ্রামের আবদুল আহাদ ও একই এলাকার মো. রাকিব।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে স্থানীয় ভূমি অফিসের তহশিলদার বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
কাজল কায়েস/আরএইচ/এমএস