অর্থনীতি

জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে রিহ্যাব কাজ করে যাচ্ছে 

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেছেন, সরকারের সঙ্গে সমন্বয় রেখে একটি আধুনিক, টেকসই ও জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে রিহ্যাব কাজ করে যাচ্ছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রিহ্যাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়া রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, পরিচালনা পর্ষদের সদস্য, বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় এক হাজার অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, আবাসন খাত শুধু ব্যবসা নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান এ খাতের সঙ্গে সম্পৃক্ত। পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং নীতিগত সহায়তার মাধ্যমে আমরা দেশের উন্নয়নযাত্রায় আরও বড় ভূমিকা রাখতে চাই। সরকারের সঙ্গে সমন্বয় রেখে একটি আধুনিক, টেকসই ও জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে রিহ্যাব কাজ করে যাচ্ছে।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, রমজান আত্মত্যাগ, সংযম ও ধৈর্যের মাস। ক্ষমা ও সহিষ্ণুতার আলোয় উদ্ভাসিত হওয়ার এ সময় আমাদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হোক।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। রিহ্যাব নেতারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে এবং আবাসন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।

ইএআর/এমএমকে