জাতীয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে উত্তর সিটি প্রশাসকের শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

দুপুরে তিনি বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে তাদের কবর জিয়ারত করেন। এসময় তিনি মহান আল্লাহর দরবারে তাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

এর আগে সকালে নবনিযুক্ত প্রশাসক সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে ডিএনসিসির প্রশাসক হিসেবে যোগদান করেন। প্রশাসক হিসেবে যোগদানের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএমএ/এমআইএইচএস