তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে এখন মেসেজ শিডিউল করতে পারবেন

ডিজিটাল যোগাযোগের দুনিয়ায় হোয়াটসঅ্যাপ এখন শুধু মেসেজিং অ্যাপ নয়, বরং ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ মাধ্যম। কাজের ব্যস্ততা, ভিন্ন টাইম জোন কিংবা নির্দিষ্ট সময়ে শুভেচ্ছা পাঠানোর প্রয়োজন এসব কারণে অনেকেই আগে থেকে মেসেজ প্রস্তুত করে রাখতে চান। ব্যবহারকারীদের এই চাহিদা মাথায় রেখে এখন হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে মেসেজ শিডিউল করার সুবিধা।

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট দিন ও সময় ঠিক করে আগে থেকেই বার্তা সেট করে রাখতে পারবেন। নির্ধারিত সময় হলেই মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেবে অ্যাপ। ফলে মধ্যরাতে জন্মদিনের শুভেচ্ছা জানানো, অফিস সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নোটিশ পাঠানো বা গুরুত্বপূর্ণ রিমাইন্ডার পাঠানো সবই হবে ঝামেলাহীনভাবে।

মেসেজ শিডিউল করার প্রক্রিয়াটিও সহজ। নির্দিষ্ট চ্যাটে গিয়ে মেসেজ লিখে সেটিকে শিডিউল অপশনে নিয়ে দিন ও সময় নির্বাচন করতে হবে। এরপর কনফার্ম করলেই নির্ধারিত সময় পর্যন্ত বার্তাটি সংরক্ষিত থাকবে এবং সময় হলে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। প্রয়োজনে নির্ধারিত মেসেজ সম্পাদনা বা বাতিল করার সুবিধাও থাকবে।

এই ফিচার ব্যক্তিগত ব্যবহারকারীদের পাশাপাশি ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্যও বেশ কার্যকর। ছোট ব্যবসা, অনলাইন উদ্যোক্তা বা কনটেন্ট ক্রিয়েটররা নির্দিষ্ট সময়ে প্রচারমূলক বার্তা পাঠাতে পারবেন। এতে সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং যোগাযোগ আরও পেশাদার ও সুসংগঠিত হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেসেজ শিডিউলিং সুবিধা হোয়াটসঅ্যাপকে আরও কার্যকর যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করবে। ব্যবহারকারীরা এখন আর নির্দিষ্ট সময় মনে রাখার চাপ অনুভব করবেন না; বরং আগেই পরিকল্পনা করে বার্তা পাঠাতে পারবেন। ডিজিটাল জীবনে সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখা হচ্ছে।আরও পড়ুনঅন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?হোয়াটসঅ্যাপ কল, চ্যাট ও এআই অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে