আন্তর্জাতিক

তদন্তে ছাড় পেলেন না ক্লিনটন দম্পতি, কংগ্রেসে রেকর্ড হচ্ছে জবানবন্দি

আলোচিত জেফরি এপস্টেইনের বিতর্কিত নথি তদন্তে মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির কাছে জবানবন্দি দিচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রিপাবলিকান-নেতৃত্বাধীন কমিটির সদস্যরা তাকে প্রশ্ন করবেন। আগামীকাল আলাদা বৈঠকে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকেও জেরার মুখোমুখি হতে হবে।

এর আগে দীর্ঘ টানাপড়েনের পর এপস্টেইন নথি নিয়ে জবানবন্দিতে সম্মত হন ক্লিনটন দম্পতি। প্রথমে ২০২৫ অক্টোবর মাসে তাদের সাক্ষ্য নির্ধারিত হলেও তা পিছিয়ে নেওয়া হয়। অবশেষে হিলারি ক্লিনটন আজ সাক্ষ্য দিচ্ছেন এবং বিল ক্লিনটনের জবানবন্দি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গ্রহণ করা হবে। গোপনে অনুষ্ঠিত পৃথক এই বৈঠকে অন্তত ১০ জন রিপাবলিকান সদস্য উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি জমা দেওয়া শপথনামায় হিলারি ক্লিনটন জানিয়েছেন, এপস্টেইন বা তার সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েল-এর কোনো অপরাধ সম্পর্কে তিনি অজ্ঞাত ছিলেন। বিচার বিভাগের তদন্তে তার কোনো ভূমিকা বা দায়িত্ব ছিল না।

ক্লিনটন দম্পতি বারবার এপস্টেইন-সংক্রান্ত যে-কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে এ বিষয়ে কোনো ফৌজদারি অভিযোগও আনা হয়নি।

২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়া হিলারি ক্লিনটন অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে এই তদন্তের নামে ট্রাম্প-এপস্টেইন অভিযোগ থেকে মনোযোগ সরানোর চেষ্টা করা হচ্ছে।

হিলারি ক্লিনটন ব্যক্তিগতভাবে এপস্টেইনের সঙ্গে কখনও সাক্ষাৎ করেছিলেন কি না সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি । হিলারির দাবি, এপস্টেইনের সঙ্গে তার কখনও দেখা হয়নি। তবে কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালে বিল ক্লিনটন দায়িত্ব ছাড়ার পর এক বন্ধুর মাধ্যমে তাদের পরিচয় হয়েছে।

হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার বলেছেন, এপস্টেইন ও ম্যাক্সওয়েলের যৌন পাচার চক্র এবং ক্ষমতার জোরে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন কিনা তা জানতে ক্লিনটন দম্পতির সাক্ষ্য গুরুত্বপূর্ণ।

সূত্র: দ্য গার্ডিয়ান

কেএম