দেশজুড়ে

সন্ত্রাসীরা কোনো দলের নয়, কারাগারই তাদের ঠিকানা: এমপি ফখরুল

সন্ত্রাসী, চাঁদাবাজ ও সমাজের অপকর্মে জড়িতরা কোনো দলের নয়, কারাগারই তাদের আসল ঠিকানা বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম।

রোববার (২২ মার্চ) দুপুরে নোয়াখালীর কবিরহাটের বাটইয়ার ওটারহাটে আফিফ একাডেমিতে হিউম্যান অর্গানাইজেশনের স্টুডেন্টস ওয়েলফেয়ার বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণীতে তিনি এ কথা বলেন।

এমপি ফখরুল ইসলাম বলেন, ‌‘আমি বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছি। কিন্তু বিজয়ী হওয়ার পর আমি সব জনগণের এমপি। এলাকায় যারা শান্তি বিনষ্ট করে, তারা কোনো দলের পরিচয় দিতে পারবে না। আমার দলের হলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে।’

অনুষ্ঠানে প্রতিভা ট্রেডিং করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি ফখরুল ইসলাম।

এতে সংস্থার পরিচালক রহিম উল্যা ও সুলতান নাসির উদ্দীন রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইবনেসিনা ফার্মাসিটিক্যাল লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ইলিয়াস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. সালেহ উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল মডেল কলেজের অধ্যক্ষ ফখরুল ইসলাম মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল্লাহ সাহাব উদ্দিন, সংস্থার উপদেষ্টা ইঞ্জিনিয়ার বদরুল হায়দার চৌধুরী, দারুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ নুর হোসেন, বাটইয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসান আহম্মেদ, লক্ষ্মীপুর পলিটেকনিকেলের রেজিস্ট্রার গোলাম কিবরিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদেরকে সনদ, নগদ টাকা এবং সমাজের গুণীজনদের ক্রেস্ট দেওয়া হয়।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম