বিনোদন

যুদ্ধের প্রভাব শাহরুখের ‘কিং’ সিনেমায়, দুবাইয়ে শুটিং বন্ধ

বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ শুটিং ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। দুবাইয়ে নির্ধারিত শিডিউল স্থগিত হওয়ায় বিপাকে পড়েছে পুরো টিম।

২০২৬ সালের ডিসেম্বরে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সিনেমাটি। এতে শাহরুখ খানের সঙ্গে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। এরই মধ্যেই সিনেমার একটি প্রচার-ঝলক প্রকাশ্যে এসেছে, যা ভক্তদের মধ্যে তৈরি করেছে ব্যাপক আগ্রহ।

জানা গেছে, গত প্রায় দুই বছর ধরে ‘কিং’সিনেমার শুটিং চলছে। লন্ডনে এরই মধ্যে মধ্যেই সিনেমার একটি বড় অংশের কাজ শেষ হয়েছে। তবে নির্মাণপর্বে পরিবর্তনও এসেছে- শুরুতে পরিচালনার দায়িত্বে থাকা সুজয় ঘোষের পরিবর্তে এখন সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

ছবির একটি গুরুত্বপূর্ণ অংশের শুটিং হওয়ার কথা ছিল দুবাইয়ের মরুভূমিতে। সেখানে সুহানা খানের সঙ্গে অ্যাকশন দৃশ্যে দেখা যাওয়ার কথা ছিল অনিল কাপুরকে। সব প্রস্তুতি সম্পন্ন করে ৯ এপ্রিল থেকে এক সপ্তাহব্যাপী শুটিংয়ের পরিকল্পনাও ছিল নির্মাতাদের।

কিন্তু দুবাইসহ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেই শুটিং আপাতত স্থগিত করা হয়েছে। প্রযোজনা সূত্রে জানা গেছে, কলাকুশলীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোনো ঝুঁকি নিতে চান না নির্মাতারা।

এদিকে শোনা যাচ্ছে, বিকল্প হিসেবে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় বড় সেট তৈরি করা হচ্ছে। দুবাইয়ের মরুভূমির দৃশ্য এবার সেখানেই ধারণ করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন:রাহুলের মৃত্যুর নেপথ্যে কী? ময়নাতদন্তে উঠল নতুন প্রশ্ন রাহুলের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, বাড়ির সামনে উত্তেজনা 

উল্লেখ্য, ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ বক্সঅফিসে দারুণ সাফল্য পায়। প্রায় তিন বছর পর ‘কিং’ সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় ফিরছেন তিনি। সিনেমাতে খলচরিত্রে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে। পাশাপাশি শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।

এমএমএফ