দেশজুড়ে

ফরিদপুরে একদিনে হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ১০ শিশু

ফরিদপুরে শিশুদের হামে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। সর্বশেষ মঙ্গলবার (৩১ মার্চ) একদিনে হাসপাতালে চিকিৎসা দিতে আনা হয়েছে ১০টি শিশুকে। এ অবস্থায় অভিভাবকদের চিকিৎসা বিধি মেনে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে মোট ২৪ জন হামে আক্রান্ত শিশু ভর্তি রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্নস্থান থেকে এসময় বিশেষ করে নিউমোনিয়া ও হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসছেন মায়েরা। তাদের সাথে রয়েছেন উদ্বিগ্ন অভিভাবকেরা। হাসপাতালের জরুরি ওয়ার্ডে শিশুদের নিয়ে ভিড় করছেন তারা। ওয়ার্ডগুলোতে স্থান সংকুলান না হওয়ায় তাদের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। গরমে হাঁসফাঁস করছে অসুস্থ শিশুরা।

জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামে আক্রান্ত হয়ে মঙ্গলবার একদিনে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ১০টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশে হাম-রুবেলাসহ বিভিন্ন রোগ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী ৯৫ ভাগ শিশুকে এ টিকা দেওয়া হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে এটি ৮৪ পার্সেন্ট বলা হয়েছে।

সদর হাসপাতালে আসা হামে আক্রান্ত শিশুর মা নাছিমা আক্তার জানান, গত তিন ধরে আমার ছেলের জ্বর, শরীর লাল হয়ে গোটা গোটা হয়ে গেছে। পরে আজ হাসপাতালে এনে ভর্তি করিয়েছি।

আরেক শিশুর স্বজন আকবর মুন্সি জানান, গতকাল আমার মেয়েকে ভর্তি করেছি। হাসপাতালে সিট না পেয়ে হাসপাতালের মেঝেতে পাটি পেতে চিকিৎসা চলছে। প্রতিদিনই হামে আক্রান্ত হয়ে শিশুদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মেডিকেল অফিসার (আরএমও) ডা. গণেশ কুমার আগারওয়াল জানান, হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ৬টি শিশুকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের একজনের শ্বাসকষ্ট বেশি হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, হাসপাতালে ভর্তি দুটি শিশু হামের টিকা নেয়নি বলে জানা গেছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, এ বছর এ পর্যন্ত ৪২টি শিশুকে হামে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারো মৃত্যুর রেকর্ড নেই। জেলার স্বাস্থ্য বিভাগ অসুস্থ শিশুদের চিকিৎসা প্রদান ও রোগ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার পর্যন্ত ফরিদপুরে দুটি হাসপাতালে মোট ২৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে।

এন কে বি নয়ন/এমএন/এএসএম