অবরুদ্ধ হরমুজ প্রণালি সচলে সহযোগিতা না করায় মিত্র দেশগুলোর ওপর আবারও চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাজ্যের মতো দেশগুলোর উচিত এখন ‘সাহস’ সঞ্চয় করে হরমুজ প্রণালিতে যাওয়া এবং সেখান থেকে নিজেদের প্রয়োজনীয় জ্বালানি ‘ছিনিয়ে নেওয়া’।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই বিতর্কিত মন্তব্য করেন। হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বর্তমানে অনেক দেশই তীব্র জ্বালানি সংকটে ভুগছে। এ প্রসঙ্গ টেনেই সরাসরি যুক্তরাজ্যকে লক্ষ্য করে ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প লেখেন, যুক্তরাজ্যের মতো যেসব দেশ ইরানের শাসনব্যবস্থা নির্মূল করার লড়াইয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে অস্বীকার করেছিল এবং এখন হরমুজ প্রণালির কারণে জেট ফুয়েল পাচ্ছে না, তাদের জন্য আমার একটি পরামর্শ আছে। প্রথমত, আপনারা যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনুন, আমাদের প্রচুর আছে। আর দ্বিতীয়ত, কিছুটা সাহস সঞ্চয় করুন, হরমুজে যান এবং আপনাদের যা প্রয়োজন তা ছিনিয়ে নেন।
আরও পড়ুন>>হরমুজ প্রণালি খুলতে না পারলেও যুদ্ধ থামাতে রাজি ট্রাম্পহরমুজ প্রণালিতে টোল আরোপ পরিকল্পনায় অনুমোদন দিলো ইরানহরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ৪ দেশের জাহাজ, বাংলাদেশ কি তালিকায় আছে?
তিনি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন থেকে দেশগুলোকে নিজেদের লড়াই নিজেদেরই লড়তে শিখতে হবে। ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র আর আপনাদের সাহায্য করতে সেখানে থাকবে না, ঠিক যেভাবে আপনারা আমাদের প্রয়োজনে পাশে ছিলেন না।
একই পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান এরই মধ্যে ব্যাপক দুর্বল হয়ে পড়েছে এবং যুদ্ধের ‘কঠিন অংশ শেষ হয়ে গেছে’।
মিত্রদের প্রতি তার পরামর্শ, ‘এখন যান, নিজের তেল নিজেরাই সংগ্রহ করুন!’
উল্লেখ্য, ইরানের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে এই জলপথে চলাচল সীমিত হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ানকেএএ/