জাতীয়

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ওষুধ শিল্প ও সেমিকন্ডাক্টর খাতসহ নতুন সম্ভাবনাময় শিল্পে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

‘বিশ্বমুখী হই, আমাদের সাথে’ স্লোগানকে সামনে রেখে জাপানে উচ্চশিক্ষার জন্য ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ‘ভিসা সফলতা উদযাপন’ অনুষ্ঠানের আয়োজন করে আনশিন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার অ্যান্ড কনসালটেন্সি।

মেয়র বলেন, দেশের অর্থনীতি এখনো কৃষি, তৈরি পোশাক ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। তবে বিশ্বে সেমিকন্ডাক্টর চিপের চাহিদা দ্রুত বাড়ছে, যা বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারলে এ সুযোগ কাজে লাগানো সম্ভব হবে।

জাপানে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জাপান শুধু শিক্ষার নয়, শৃঙ্খলা ও দায়িত্ববোধেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সেখানে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।

নগর ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, বর্জ্যকে সম্পদে রূপান্তরের মাধ্যমে সার, বিদ্যুৎ ও বিকল্প জ্বালানি উৎপাদনের সুযোগ রয়েছে। শহরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে এ ধরনের উদ্যোগ জোরদার করতে হবে।

অনুষ্ঠানে ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মেয়র। তিনি বলেন, ইংরেজির পাশাপাশি জাপানি, আরবি ও কোরীয় ভাষায় দক্ষতা আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়ায়। এ লক্ষ্যে সিটি করপোরেশনের উদ্যোগে কারিগরি ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

আনশিন জাপান কনসালটেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, ওয়েল আপ টেকনোলজির পরিচালক বখতিয়ার হোসেন, নিপ্পন একাডেমির শিক্ষক শাহেদুল ইসলাম ও যুব সংগঠক জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানের শেষে ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়।

এমআরএএইচ/এসএনআর