ইরান ও যুক্তরাষ্ট্র সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় বিশ্বের কোটি কোটি শান্তিকামী মানুষের হৃদয়ে স্বস্তি ফিরেছে। এই স্বস্তি যেন স্থায়ী হয় এবং বিশ্ববাসী যেন সব ধরনের সংঘাত থেকে মুক্তি পায়—এই প্রার্থনা করেছেন দেশের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।
বুধবার (৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মহান আল্লাহ এই যুদ্ধবিরতি স্থায়ী করে দিন। জুলুম ও আগ্রাসন থেকে বিশ্ববাসীকে স্বস্তি ও চিরমুক্তি দান করুন। সব ধরনের জুলুম-নিপীড়ন থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন।’
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার মধ্যেই ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা শুরু করে। পাল্টা জবাবে ইরানও ইসরাইল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
দীর্ঘ ৪০ দিন রক্তক্ষয়ী সংঘাত চলার পর অবশেষে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। ট্রাম্প জানান, আলোচনার জন্য ইরান একটি ‘কার্যকর ১০ দফা প্রস্তাব’ পেশ করেছে, যা পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয় এবং নতুন চুক্তিতে সম্মত না হয়, তাহলে দেশটিকে ‘একটি সম্পূর্ণ সভ্যতার ধ্বংস’ দেখতে হতে পারে।
ওএফএফ