ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও আলোচনায়। ব্যক্তিগত কারণে বছরের পর বছর আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মিষ্টি জান্নাত তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, “ভাই, আমার তো এত জ্বালা নাই, তোমাদের এত জ্বালা কেন? ফাইনালি আমাদের মার্কেটিংয়ের কৌশল কাজে লাগছে। আর যেখানে সমস্ত প্রোগ্রাম আমার পরিকল্পনায় করা, সেখানে তোমরা যারা এসেছিলে, তারা আমার পরিকল্পনায়ই এসেছিল।”
স্ট্যাটাসে কিছু প্রশ্নও তুলে ধরেন মিষ্টি, যদিও স্পষ্ট করেননি কাকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করছেন। তিনি উল্লেখ করেন, অনেকেই ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ ও ‘প্রধান অতিথি’ হিসেবে দায়িত্বের পার্থক্য বোঝে না। তার মতে, প্রধান অতিথি হতে হলে যোগ্যতা থাকতে হয় এবং সাধারণত গুরুত্বপূর্ণ ভি.ভি.আই.পি. ব্যক্তিরাই এ দায়িত্ব পান।
মিষ্টি জান্নাত সতর্কবার্তাও উচ্চারণ করেছেন, তিনি বলেন, “কিছু ছোটলোক নায়িকার পাচাটা কুকুরগুলো এসব ছড়িয়ে লাভ হবে না; যার সাথে ছড়াচ্ছে সে আমার ব্যবসায়ীক পার্টনার এবং আমার বন্ধু। সুতরাং যারা এটি করছে, তারা ভবিষ্যতে সংশ্লিষ্ট কোম্পানিতে থাকতে পারবে না। মাথায় রাখুন।”
মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত
পারিশ্রমিক প্রসঙ্গে তিনি জানান, একজন প্রধান অতিথি এক ঘণ্টার জন্য উপস্থিত হলে যে পারিশ্রমিক দিতে হয়, সেই অর্থে সো কল্ড ৫ জন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা সম্ভব।
আরও পড়ুন:ফাঁকা আওয়াজে থাকতে পছন্দ করেন না তমা মির্জা মুক্তি পাচ্ছে বাপ্পী চৌধুরীর সিনেমা
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে মিষ্টি জান্নাত রুপালি পর্দায় অভিষেক ঘটে। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি মিষ্টি একজন দন্ত চিকিৎসক হিসেবেও কাজ করছেন। রাজধানীতে তার নিজস্ব একটি ডেন্টাল ক্লিনিক রয়েছে।
এমএমএফ