বিনোদন

জুয়েল আইচের জন্মদিন এখন থেকে ‘জাদু দিবস’

দেশের প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ। তার জন্মদিন ছিলো ১০ এপ্রিল। এদিনকে ‘জাদু দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-তে গত শুক্রবার রাতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনটির নেতারা বলেন, জুয়েল আইচ শুধু একজন জাদুশিল্পী নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক অনন্য সম্পদ। তার হাত ধরেই দেশের জাদুশিল্প আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি ও স্বীকৃতি পেয়েছে।

জাদুশিল্পী ঐক্য পরিষদ জানায়, জুয়েল আইচ বর্তমানে সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের মতে, তার অবদান না থাকলে দেশের জাদুশিল্পীরা জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জনে এতটা এগিয়ে যেতে পারতেন না।

অনুষ্ঠানে বক্তারা তাকে ‘চির তরুণ’ হিসেবে অভিহিত করে বলেন, সবুজ বাংলাদেশের মাঝে তিনি লাল সূর্যের মতো আলো ছড়িয়ে যাচ্ছেন এবং তাঁর নেতৃত্বেই দেশে জাদুশিল্পের একটি শক্তিশালী ধারা তৈরি হয়েছে।

নিজের বক্তব্যে জুয়েল আইচ দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং নতুন প্রজন্মের জাদুশিল্পীদের জন্য অনুপ্রেরণামূলক বার্তা দেন।

 

এলআইএ