জাতীয়

লালবাগে ভবন থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় যুবক নিহত

রাজধানীর লালবাগের নয়াপল্টন গলিতে চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মো. হোসেন নামে এক পথচারী।

তিনি বলেন, লালবাগের বিডিআর ২ নম্বর গেটের নয়াপল্টন গলির একটি বাসার চারতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন এক যুবক। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় জানা যায়নি। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ মর্গে রাখা আছে।

কাজী আল-আমিন/বিএ