খেলাধুলা

রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

রিয়াল মাদ্রিদের অনেক সাফল্যের পেছনে অসামান্য অবদান রয়েছে টনি ক্রুসের। ক্লাবটির ইতিহাসেও তার অবদান স্বীকার করা হয় গুরুত্বসহকারে। সেই টনি ক্রুসকেই আবারও ক্লাবে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ।

তবে এই ফিরে আসাটা খেলোয়াড় হিসেবে নয়।

এবার মাঠে নয় বরং তিনি ফিরতে পারেন ক্লাবের প্রশাসনিক বা কৌশলগত কোনো ভূমিকায়। তবে এখনও সামনে আনা হয়নি, কি হতে পারে তার দায়িত্ব। ধারণা করা হচ্ছে দৈনন্দিন কার্যক্রমেই যুক্ত থাকবেন ক্লাবটির সাবেক তারকা। দলকে সহায়তা করবেন অভিজ্ঞতা, নেতৃত্ব ও ফুটবল জ্ঞান দিয়ে।

ক্লাবে তার প্রত্যাবর্তনের সম্ভাব্য সময় আগামী মৌসুম। কিছুদিন আগেই পরিবর্তন আনা হয়েছে কোচও। জাবি আলোনসোকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আলভারো আরবেলোয়াকে।

অদূর ভবিষ্যতে রিয়ালে দিদিয়ের দেশম কোচ হয়ে আসতে পারেন এমনটাও গুঞ্জন রয়েছে। সেই ক্ষেত্রে ক্রুসের উপস্থিতি ড্রেসিংরুমে ভারসাম্য ও নেতৃত্ব বজায় রাখতে সহায়ক হবে।

দীর্ঘদিন ক্লাবে খেলোয়াড় হিসেবে মাঠ মাতানোয় রিয়াল মাদ্রিদের সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কে ক্রুসের মতো গভীর ধারণা খুব কম মানুষেরই আছে। ক্লাব পরিচালনা পর্ষদের সঙ্গেও তার সম্পর্ক এখনো দৃঢ়, যা তাকে নতুন ভূমিকায় ফিরিয়ে আনার প্রক্রিয়াকে সহজ করেছে।

ক্লাবের লক্ষ্য স্পষ্ট — এমন ব্যক্তিদের সঙ্গে কাজ করা, যারা রিয়ালের ঐতিহ্য বোঝেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারেন। একই সঙ্গে ড্রেসিংরুমের ঐক্য ধরে রাখাও বড় লক্ষ্য।

এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও, ক্লাব সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, সান্তিয়াগো বার্নাব্যুতে টনি ক্রুসের প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা মাত্র। তার ভূমিকা কী হবে তা এখনও চূড়ান্ত না হলেও, ফেরাটা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

আইএন